রাজনীতির ময়দানে তৃণমূল-বিজেপির বিবাদ লেগেই রয়েছে। একদল ‘খেলা হবে’ স্লোগান দিয়ে ভোটের লড়াইয়ে নেমেছে তো অন্যদল সেই খেলাতেই প্রতিপক্ষকে মাত দেওয়ার দৌড়ে সামিল। রাজনীতির ময়দানে তারা একে অন্যের বিরোধী। কিন্তু তা বলে আর রূপোলী পর্দা থেমে থাকে না। রাজনৈতিক বিবাদ ভুলে এবার ফের বহু বছর পর বড় পর্দায় ফিরছে দেব ও শ্রাবন্তীর হিট জুটি। পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘খেলাঘর’-এর হাত ধরেই ফের দেখা মিলবে দেব-শ্রাবন্তীর চূড়ান্ত রসায়নের।
এই ছবিতে দেব ও শ্রাবন্তী ছাড়াও রয়েচে অভিনেত্রী পাওলি দাম। এক নায়ক ও দুই নায়িকাকে নিয়ে ছবির গল্প, তাই ত্রিকোণ প্রেমের ধারণা আসাটাই স্বাভাবিক। তবে এই গল্পের ছক এখনই ভাঙাতে না-রাজ পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়। সাঁঝবাতিতে দেবের পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে, তাই ফের একবার দেবকেই ‘নায়ক’ হিসাবে তুলে ধরছেন লীনা-শৈবাল। ২০১৫ সালে শেষবার ‘শুধু তোমারই জন্য’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও শ্রাবন্তীকে।
এই পরিচালক জুটির অন্যান্য ছবি ‘সাঁঝ বাতি’ ও ‘মাটি’-র মতো ‘খেলাঘর’-এও দেখা যাবে সম্পর্কের গল্প। আজকের এই আধুনিক সমাজে নারী-পুরুষের সম্পর্কের জটিলতার প্রেক্ষাপটেই তৈরি এই ছবির গল্প। দেব এই ছবিতে যৌথ প্রযোজনার ভূমিকাতেও রয়েছেন। গতকাল, শনিবারই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন দেব। প্রকাশ্যে আনেন ছবির নাম।
@BengalTalkies n @DEV_PvtLtd joins hand for yet another family drama…
Will be sharing screen with 2 most talented actresses of recent time @paoli_d n @srabantismileAfter #Sanjhbati looking forward to work with my favourite director duo #Leenadi n #Saibal Da ❤️ pic.twitter.com/1f1VUl5di7
— Dev (@idevadhikari) April 17, 2021
নারী পুরুষের সম্পর্কের কাহিনীতে অনেক পরত থাকে যা কখনও পুরোনো হয় না। তাই সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন লীনা গঙ্গোপাধ্যায়। শৈবাল-লীনা জুটির সঙ্গে যে দেব শীঘ্রই আরও একটি ছবি করতে চলেছেন তার ঘোষণা মাস দুয়েক আগেই সেরে ফেলেছিলেন দেব। ফেব্রুয়ারিতেই দুই পরিচালক ও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করেছিলেন দেব। জানিয়েছিলেন নতুন অ্যাসোশিয়েশনের কথাও।
আরও পড়ুন- বাবা রাজনীতির ময়দানে খেলছে, ছেলে খেলছে খেলনা নিয়ে! দেখুন ইউভানের নতুন ভিডিও
দেবের কথায়, এটা তাঁর কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ছবি হতে চলেছে। অন্যদিকে শ্রাবন্তী জানালেন, “এখানে আমি এক বাচ্চার মা, এবং স্ত্রী। সেই টানাপোড়েন নিয়েই ছবির গল্প”। দেবের সঙ্গে দীর্ঘদিন পর জুটি বাঁধতে পরে উচ্ছ্বসিত শ্রাবন্তী। পাওলি ও দেব, লীনা-শৈবালের টিমের পুরোনো খিলাড়ি হলেও প্রথমবার শ্রাবন্তী কাজ করবেন ‘সাঁঝবাতি’ পরিচালকদের সঙ্গে। রাজনীতির প্রভাব কী আদৌ কোনও প্রভাব ফেলবে দেব-শ্রাবন্তীর রসায়নে? এখন সেটাই দেখার পালা।





