‘মার ঝাড়ু মার, ঝেঁটিয়ে বিদায় কর, যত সব মীরজাফর’, মেদিনীপুরে নির্বাচনী প্রচারে ছড়া বাঁধল তৃণমূল! 

বাংলা বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। এখনও ভোটের দিন ঘোষণা হয়নি। তবে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করে গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সোমবার জাতীয় ভোটার দিবস পালিত হয়। তারই মধ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

এবার দেওয়াল লিখনের মধ্যে দিয়ে বিজেপিকে মেদিনীপুর থেকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিল তৃণমূল। ‘মার ঝাড়ু মার, ঝেঁটিয়ে বিদায় কর, যত সব মীরজাফর।’ এই ধরনের ছড়া দিয়েই শুরু হয়ে গেল নির্বাচনী প্রচারের দেওয়াল লিখন।

নির্দিষ্ট ব্যক্তিত্বের নাম না করেই ব্যঙ্গচিত্রের মাধ্যমে এই ধরনের ছড়ায় সেজে উঠতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকা। দলের প্রতীকের পাশাপাশি ব্যঙ্গচিত্র এঁকে ছড়া লেখা হয়েছে। এক ব্যক্তি পদ্মফুল ধরে এগিয়ে যাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতীক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দেওয়াল লেখায় তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এই প্রসঙ্গে ভগবন্তপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক আরমান আলি খান বলেন, “দীর্ঘ দিন তৃণমূল থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে যাঁরা এখন অন্য দলে চলে যাচ্ছেন, সেই নেতাদের বাংলায় স্থান নেই। দেওয়াল লিখনের মাধ্যমে সেই বার্তা প্রচার করছি আমরা।”

প্রসঙ্গত, মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রথম দেওয়াল লিখন শুরু করেছিল। দু’দিন পরে ওই ওয়ার্ডেই বিজেপি-র জেলা সভাপতি শমিত দাস দলের প্রতীক এঁকে দেওয়াল লিখন শুরু করেন। পরে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর সংসদীয় কেন্দ্রের অন্তর্গত খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের মাতকাতপুর এলাকায় দেওয়াল লিখন করেছিলেন।

 

RELATED Articles