বছরে ৬০০০ পড়ুয়াকে কাজ দেবে মমতা সরকার, থাকবে লোভনীয় সাম্মানিক, আবেদন করুন এখনই

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার রাজ্যের পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। নানান পড়ুয়াদের জন্য নিয়ে আসা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন কেবল রাজ্যেরই পড়ুয়ারা।

এই প্রকল্পের বিষয়ে বিশদে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, “রাজ্য সরকার একটা নতুন প্রকল্পের উদ্বোধন করছে। নাম স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম, ২০২২। এটা যারা বাংলায় বসবাস করে তাদের জন্য”। মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত পড়ুয়ারা স্নাতক স্তরে পড়াশোনা করেছেন বা যারা পলিটেকনিক অথবা সমতুল যোগ্যতার অধিকারী, এই প্রকল্প তাঁদের জন্য।

মমতার কথায়, যারা কমপক্ষে ৬০ শতাংশ পেয়ে পাশ করেছেন ও যাদের বয়স ৪০-এর মধ্যে, তারাই এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। বছরে ৬০০০ ইন্টার্ন নেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের নানান প্রকল্প সম্পর্কে সম্যক ধারণা তৈরির জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

জানা গিয়েছে, সরকারি প্রকল্পের রূপায়ন কীভাবে হয়, সরকারি প্রকল্প রূপায়নের জন্য নিজেদের কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়ে দেওয়া হবে প্রশিক্ষণ। মুখ্যমন্ত্রী আরও জানান যে এটি একটি জনসেবামূলক কাজ। এই কাজের জন্য মাসিক ৫০০০ টাকা করে সাম্মানিকও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, “প্রথমে এক বছরের জন্য ইন্টার্নশিপ নেওয়া হবে। যাঁরা ভাল কাজ করবেন, তাঁদের কাজ ‘রিভিউ’ করা হবে”। ওই ইন্টার্নশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন উৎসাহীরা। এরপর মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি বোর্ড এঁদের পর্যায় ভিত্তিক নিয়োগ করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় করে ওই বোর্ড কাজ করবে”।

ব্লক ও পঞ্চায়েত অফিসে কাজ পাবেন ইন্টার্নরা। ইন্টার্নশিপ শেষে দেওয়া হবে একটি শংসাপত্র। ভবিষ্যতে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে এই শংসাপত্র সহায়ক হবে বলে জানানো হয়। মুখ্যমন্ত্রীর কথায়, “বলতে পারেন, এটা উন্নততর মানুষ তৈরির লক্ষ্য”।

আরও অন্যান্য খবর