বেহাল অর্থনীতিতে হাল ধরেছেন সুরাপ্রেমীরা। কিন্তু যেভাবে মদ কেনার জন্য লম্বা লাইন দিয়ে দোকানের সামনে তারা ভিড় করছেন তাতে করে সামাজিক দূরত্ব মেনে চলা তো প্রায় লাটে উঠেছে। বেড়েছে সংক্রমণের আশঙ্কাও। কিন্তু এদিকে মদের দোকান বন্ধ রাখা যাবে না কারণ এই টালমাটাল অর্থনীতিতে মাত্র কয়েক ঘন্টার জন্য মদের দোকান খুলেই ভারতবর্ষের প্রায় বেশিরভাগ রাজ্যই মোটা টাকা রাজস্ব আদায় করে ফেলেছে। তাই এবার সবদিক বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার মদের হোম ডেলিভারির জন্য ই-রিটেল প্ল্যাটফর্ম চালু করছে।
ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন বা ডাব্লুবিএসবিসিএল একটি ই-রিটেল ওয়েবসাইট চালু করছে। এখানে মদ অনলাইনে বুকিং এবং হোম ডেলিভারির জন্য মদের ক্রেতা ও বিক্রেতাদের রেজিস্ট্রার করতে হবে। ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে “সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলির সামনে ভিড় যাতে কমানোর যায় তাই ডাব্লুবিএসবিসিএল মদের অনলাইনে বুকিং এবং হোম ডেলিভারির জন্য ই-রিটেল চালু করছে।”
“রেজিস্ট্রেশনের জন্য, দয়া করে জন্য মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, আইই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সাফারি ব্রাউজার ব্যবহার করলে সমস্যা হতে পারে” বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ২১ বছরের ঊর্ধ্বে যে কোনও নাগরিক মোবাইল নম্বর এবং অতিরিক্ত তথ্য ব্যবহার করে ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য যে প্রক্রিয়াটি সম্পাদন করতে হবে সেটি দেখে নিন –
১. মোবাইল নম্বর
২. প্রদত্ত মোবাইল নম্বরটিতেই যাবে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড।
৩. নাম – মিঃ / মিস / মিসেস | প্রথম নাম , মধ্য নাম (ঐচ্ছিক) , নামের শেষাংশ
৪. বয়স ২১ বা তার চেয়ে বড় হতে হবে
৫. সম্পূর্ণ ঠিকানা
৬. নিকটতম স্থল চিহ্ন
৭. পিন কোড
৮. ইমেল আইডি (ঐচ্ছিক)
৯. বিকল্প মোবাইল নম্বর (ঐচ্ছিক)
Website: West Bengal State Beverages Corporation





