সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলা যেখানে বড়দের কাছেই কার্যত অসুবিধাজনক হয়ে উঠছে সেখানে শিশুদের ক্ষেত্রে তা মেনে চলা নিতান্তই কঠিন। আর তাই স্কুলগামী শিশুদের কথা মাথায় রেখে এক অদ্ভুত অভিনব উপায় বের করেছে পূর্বচীনের জেজিয়াং প্রদেশের ইয়াংঝেংগ স্কুল।
বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে চীনের পরিস্থিতি। আর তাই সামাজিক দূরত্ব মেনে চীনে ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ আস্তে আস্তে খুলতে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব মেনে চলা বড়দের জন্য সহনীয় হলেও শিশুদের ক্ষেত্রে খুবই খুবই কঠিন। তাই স্কুলগামী শিশুদের সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য তিনফুট চওড়া টুপি পরে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। টুপিটির দুইদিকে পাখার ব্লেডের মত দেখতে দুটি জিনিস লাগানো আছে। এর ফলে শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখতে কোন অসুবিধা হচ্ছে না।
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সহ সামাজিক মাধ্যমগুলিতে এই ছবি ভাইরাল হয়। পূর্বচীনের জেজিয়াং প্রদেশের ইয়াংঝেংগ স্কুল। স্কুলটি তিনমাস পর খুলেছে। আর এই স্কুলের শিক্ষার্থীরাই অদ্ভুত ধরনের এই টুপিটি পরে ক্লাসে বসে আছে। যা প্রতিমুহুর্তে তাঁদের মনে করিয়ে দেবে সামাজিক দূরত্বের কথা। এর পাশাপাশি পরতে হবে সার্জিক্যাল মাস্ক।
স্কুলের ভাইস প্রিন্সিপাল হংগ ফেংগ বলেছেন, ‘এটা আমাদের নিজস্ব আইডিয়া। এর মাধ্যমে আমরা একটি শ্লোগান ছড়িয়ে দিচ্ছি। আর তা হচ্ছে- ‘এক মিটার হ্যাট পড়ো, এক মিটার দূরত্ব বজায় রাখো।’
তিনি আরও বলেন, ‘সুস্থতা নিশ্চিত করতে আমরা এই নিয়ম করেছি। এতে কেউ কারোর গায়ের সঙ্গে লাগতে পারবে না এবং টুপি পড়ার নিয়ম ভাঙতে পারবে না। এগুলো বাধ্যতামূলক ভাবে মানতে হবে। এর পাশাপাশি স্কুলে প্রবেশে তাপমাত্রা স্ক্রিনিংও করা হচ্ছে।’





