বাংলার করোনা মুক্ত বা খুব কম সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে পুল টেস্টিং, নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের।

করোনা আক্রান্তের সংখ্যা যেখানে একেবারেই নেই বা সেই সংখ্যা খুবই কম, এমন এলাকায় সংক্রমণ নতুন করে ছড়াচ্ছে কিনা তা জানতে এ বার ‘পুল টেস্টিং’য়ের সিদ্ধান্ত নিল রাজ্য। শনিবারই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। করোনা ভাইরাসে সংক্রমিতের হার কম বা এখনও পর্যন্ত একজনও আক্রান্ত হ‌ওয়ার খবর মেলেনি, এমন এলাকায় উপসর্গবিহীন সর্বোচ্চ পাঁচ জনের নমুনা এক সঙ্গে নিয়ে পরীক্ষার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

মুখ্যসচিব রাজীব সিনহা্ জানিয়েছেন, রাজ্যে নতুন করে ১৬ জন আক্রান্তের খোঁজ মিলেছে। ফলে শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৮। নতুন করে আর ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার মধ্যে রয়েছেন শ্বাসকষ্টের প্রবল সমস্যা নিয়ে মার্চের শেষ সপ্তাহ থেকে চিকিৎসাধীন বরাহনগরের ৬৬ বছরের প্রবীণও। রাজ্যে আরও দুই আক্রান্ত করোনার বলি হয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যসচিব। ফলে রাজ্যের মৃতের সংখ্যা এখন ১২।

করোনা সংক্রমণের বাস্তব চিত্র বুঝতে হলে করতে হবে বেশি সংখ্যক টেস্ট। তবে ভারতের মতো এত বিশাল জনবহুল দেশে প্রত্যেকের নমুনা পরীক্ষার পরিকাঠামো না থাকায় গত ১৪ এপ্রিল ‘পুল টেস্টিং’য়ের বিকল্প পথ বাতলায় আইসিএমআর। সব রাজ্যকে বলে, জনে-জনে সোয়াব নমুনা আলাদা করে পরীক্ষা না করে একই কালচার-পটে অনেকের নমুনা মিলিয়ে সেই মিশ্র-নমুনা পরীক্ষা করা হোক। মিশ্র-নমুনার ফল নেগেটিভ এলে সে দলের কেউ যে সংক্রমিত নন, তা নিশ্চিত হবে। আর যদি মিশ্র-নমুনার ফল পজিটিভ আসে, তখন প্রত্যেকের আলাদা আলাদা নমুনা নিয়ে চিহ্নিত করতে হবে কে বা কারা আক্রান্ত।

আইসিএমআর-এর ‘অ্যাডভাইজরি’ মাথায় রেখেই রাজ্যের যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণের হার কম, সেখানে ‘পুল-টেস্টিং’ শুরু করছে স্বাস্থ্য দফতর। কমিউনিটি সার্ভে এবং উপসর্গহীনদের মধ্যে নজরদারি চালানোর সময় সর্বোচ্চ ৫ জনের নমুনা একসঙ্গে সংগ্রহের কথা বলা হয়েছে।

কলকাতা-হাওড়াকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করলেও হাওড়ার পরিস্থিতি খুব দুশ্চিন্তার নয় বলেই আশ্বাসবাণী শুনিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, ‘হাওড়ায় এ পর্যন্ত ৫৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ৬২ জনের পজিটিভ এসেছে। সংক্রমণের হার ১০ শতাংশের মতো। খুব বেশি চিন্তার নয়।’ বিগত ২৪ ঘণ্টায় নতুন যে আক্রান্তদের খোঁজ মিলেছে তার মধ্যে তিন জন বাদে বাকি সবাই কলকাতা এবং হাওড়া ও সংলগ্ন এলাকার বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি।

আরও অন্যান্য খবর