খাদ্য সচিবের পর কোপ পড়ল স্বাস্থ্য সচিবের ঘাড়ে, করোনা পরিস্থিতিতেই সরানো হল বিবেক কুমারকে

রেশনে বিস্তর দুর্নীতির জন্য প্রথমে সরানো হয়েছিল রাজ্যের খাদ্য সচিবকে। এবার সরাতে হলো স্বাস্থ্য সচিবকে। করোনার আবহে বিরোধীদের তোপের মুখে পড়ে বিবেক কুমারকে সরালো রাজ্য‌। তাঁকে বর্তমানে পরিবেশ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি করা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। তাঁর পরিবর্তে নতুন স্বাস্থ্য সচিব করা হচ্ছে নারায়ণ স্বরূপ নিগমকে। তিনি ছিলেন পরিবহণ দফতরের সচিব।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারকে পাঠানো চিঠি নিয়ে বিবেক কুমারের ওপর চটেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গত ৩০শে এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবকে যে চিঠি বিবেক কুমার পাঠিয়েছিলেন, তাতে রাজ্যের ভুল করোনা পরিস্থিতির চিত্র প্রকাশিত হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সে দিন পর্যন্ত বাংলায় যতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রাজ্য সরকারের বুলেটিনে বলা হয়েছিল বাস্তবের সঙ্গে তার মিল ছিল না। দেখা গিয়েছিল, তার থেকে অনেক বেশি মানুষ সেই সময়ের
আক্রান্ত ছিলেন। বিবেক কুমারের সঙ্গে সেই চিঠি নিয়েই রাজ্য সরকারের বিতর্কের সূত্রপাত। এই সম্পর্কের ফাটল আরও বাড়ে যখন দুদিন ধরে নবান্নের তরফে কোনও রকম করোনা সংক্রান্ত বুলেটিন প্রকাশিত হয়নি। শোনা যায়, করোনার তথ্য নিয়েই বিবেকের সঙ্গে নবান্নের যাবতীয় সংঘাত ঘটে।

তবে শুধু এই ঘটনা নয়, কোভিড আক্রান্তের মৃত্যুর কারণ নির্ধারণের জন্য অডিট কমিটি গঠন এবং বারবার বুলেটিনের ছক পরিবর্তন নিয়েও বিবেক কুমারের সঙ্গে কর্তৃপক্ষের সমস্য হচ্ছিল বলে খবর।

RELATED Articles

Leave a Comment