লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয়রা, কার্যকর করতে গিয়ে বারুইপুরের মল্লিকপুরে আক্রান্ত পুলিশ!

লকডাউন কার্যকর করতে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে পুলিশকে। এবার এই ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে। আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষগ্রাম পাঁচঘরা খিরিশতলায়।

করোনা রোগীর সন্ধান মেলায় এই অঞ্চলকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। অভিযোগ, লকডাউন না মেনে দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন স্থানীয়রা। পুলিশকর্মীরা তাঁদের বাড়িতে ঢুকতে বললে পাল্টা হামলা চালায় স্থানীয়রা। তাতে এক জন সাব ইন্সপেক্টর সহ ৪ জন পুলিশকর্মী আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। রড লাঠি নিয়ে পুলিশকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে হয় পুলিশকর্মীদের।

ঘটনার খবর পেয়ে বাহিনী নিয়ে এলাকায় যান বারুইপুরের এসডিপিও অভিষেক মজুমদার ও বারুইপুর থানার ওসি দেবকুমার রায়। আহত পুলিশকর্মীদের উদ্ধার করেন তাঁরা। সেই সঙ্গে শুরু হয় ধরপাকড়। এলাকা থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত কয়েক দিনে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। যার জেরে লকডাউনের বিধি আরও কড়া করেছে প্রশাসন। অভিযোগ, জেলার বিভিন্ন এলাকার মানুষ লকডাউন মানতে চাইছেন না।

RELATED Articles

Leave a Comment