রাজ্যে একাধিক জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর দিয়ে নিম্নচাপের প্রভাব জোরদার হওয়ায় আগামী কয়েকদিনে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে জারি হয়েছে লাল সতর্কতা।
নিম্নচাপের জেরে উত্তাল বঙ্গোপসাগর
উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ, যা ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে প্রভাব ফেলছে। সেই সঙ্গে মধ্যপ্রদেশের ওপরের নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। ফলে রাজ্যের উপকূল ও আশপাশের জেলাগুলিতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ১৫, ১৬ ও ১৭ জুলাই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ জুলাই থেকে বৃষ্টি সামান্য কমলেও, ২০ জুলাই থেকে আবারও ঝড়-বৃষ্টির দাপট ফিরে আসবে।
উত্তরবঙ্গেও ভারী বর্ষণের ইঙ্গিত
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় ১৫ ও ১৬ জুলাই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ১৭ জুলাই থেকে কিছুটা স্বস্তি মিললেও, ২০ জুলাই থেকে আবারও বৃষ্টি বাড়ার আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুনঃ ১৮ জুলাই থেকে বুধ বক্রী, শ্রাবণের অমাবস্যার আগে এই রাশিগুলি পাবে সুখের বার্তা!
বন্যার আশঙ্কা বাড়ছে
একটানা বর্ষণে নদীর জলস্তর বাড়তে পারে, যার ফলে নিচু এলাকায় জল জমে প্লাবনের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ আরও ঘনীভূত হলে এবং সেই সঙ্গে যদি ডিভিসি (DVC) জল ছাড়ে, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সতর্ক থাকুন, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে নিয়ম মেনে চলুন।





