আয়ের চেয়ে যেন ব্যয় বেশি রাজ্যে। একমাসে দু’বার ঋণ নেওয়া সত্ত্বেও রাজ্যের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। এর জেরে ফের একবার ঋণ নিতে হল বাজার থেকে। একমাসের মধ্যেই রাজ্যের ঋণের পরিমাণ ৬ হাজার ৫০০ কোটি টাকা।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রের খবর অনুযায়ী, গত সোমবার মোট ১৪টি রাজ্য ব্যাঙ্ক থেকে ২৪,৬৩৯ কোটি টাকার ঋণ নিয়েছে। সবথেকে বেশি পরিমাণ ঋণ নিয়েছে উত্তরপ্রদেশ। এরপরই এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য।
গত ১৮ই জানুয়ারি ১২টি রাজ্য ব্যাঙ্ক থেকে মোট ঋণ নেয় ২০,৬৫৯ কোটি টাকার। সেবারও সর্বোচ্চ ঋণ নিয়েছিল উত্তরপ্রদেশই। সেই সময় পশ্চিমবঙ্গ ঋণ নেয় ১০০০ কোটি টাকা। ১৮ই জানুয়ারি উত্তরপ্রদেশ ঋণ পায় ৩০০০ কোটি টাকা।
এর আগে গত ৬ই জানুয়ারি ৯টি ব্যাঙ্ক ঋণ নেয় ১৯,৩৪০ কোটি টাকার। সেই সময় সর্বোচ্চ ঋণগ্রহীতা ছিল পশ্চিমবঙ্গ। ২৫০০ কোটি টাকা ঋণ নেয় রাজ্য। গত মাসেও দুই দফায় ৬৫০০ কোটি টাকার ঋণ নিয়েছে রাজ্য।
অর্থনীতিবিদদের মতে, বিগত দশ বছরে রাজ্যে অনেক পরিকল্পনা বহির্ভূত খরচ বেড়েছে। রাজ্যের খরচ চালানোর একমাত্র পন্থা আবগারি দফতর। কিন্তু খরচের জোগান দিতে না পেরে বিপুল পরিমাণ ঋণ নিতে বাধ্য হচ্ছে পশ্চিমবঙ্গ।
রাজ্যের ঋণের বোঝা ঠিক কতখানি বেড়েছে, তা এই একটি পরিসংখ্যানটি দেখলেই বোঝা যাবে। ২০১১ সালে রাজ্যের মোট ঋণের পরিমান ছিল ১.৯৩ লক্ষ কোটি টাকা। কিন্তু মাত্র ১০ বছরের মধ্যে ২০২০-২০২১ অর্থবর্ষে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকায়।





