ঘূর্ণিঝড়ের তান্ডবের রেশ এখনো কাটেনি রাজ্যের।এখনো ভেঙে যাওয়া ঠাঁইগুলো পুনর্গঠন করা সম্ভব হয়নি। কিন্তু তাতে প্রকৃতির ছন্দের কোনো পরিবর্তন হবে কি? সাইক্লোনের জেরে একদিনে গোটা দক্ষিনবঙ্গ অতি বর্ষণে ভেসে গেছিল, এবার আবার পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫টি জেলা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর হাওয়া অফিস।
শনিবার আবহাওয়া দফতর সূত্রের খবর, আকাশে মেঘ-রোদের খেলা চলবে দিনভর। কিন্তু বিকেলের দিকে জলকণাবাহী মেঘ সৃষ্টি হয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গল ও বুধবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। পূর্বাভাস অনুযায়ী,আগামী বুধবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে।
হাওয়া অফিসের খবর, রাজ্যের পূর্ব ও দক্ষিণ দিক থেকে আসা মৌসুমী বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে এসেছে যার জেরে বৃষ্টির মেঘ সৃষ্টি হয়েছে। এই মেঘই উত্তরের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত অংশে বর্ষণ ঘটাবে বলে জানা গিয়েছে। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮%-৯২%। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়নি।





