প্রবল বৃষ্টিতে ভাসার সম্ভাবনা দক্ষিণবঙ্গের! দু’তিনদিনের মধ্যে বাংলার বাকি অংশেও ঢুকবে বর্ষা

ইতিমধ্যেই দেশে ঢুকে গেছে বর্ষা। প্রভাব ফেলতে শুরু করেছে মুম্বাই, কর্নাটকে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে আগামী দু-তিন দিনের মধ্যেই বাংলার সমগ্র অংশে ঢুকে পড়বে বর্ষা। আগামী চারদিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য এবং পার্শ্ববর্তী বাংলার খাড়ির ওপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তার প্রভাবেই আগামিকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হতে পারে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। আর সেই নিম্নচাপকে সঙ্গী করেই দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তার প্রভাবে বাংলায় বাড়তে থাকবে বৃষ্টির মাত্রা।

জলস্তর বাড়ায় বিপদ ও ঝুঁকি বাড়বে। আর সেই পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে আছেন, তাঁদের‌ও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে হওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আজ অর্থাৎ বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশ, উত্তর ২৪ পরগনায়  ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া‌ও হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে ক্রমশ বাড়বে বৃষ্টির দাপট।

RELATED Articles