দু’দিন আগেই বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর জল্পনা। গেরুয়া শিবিরকে কটাক্ষ করেই এই পোস্ট করেন রাজীব যার জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি। রাজীবের এই পোস্ট ভালো চোখে দেখেন নি তৃণমূল ছেড়ে আসা বাকী বিজেপি নেতারাও।
এবার সেই পোস্টকে কেন্দ্র করে রাজীবকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। রাজীবকে তাঁর কটাক্ষ, “রাজীব চিরকালই ক্ষমতায় থাকতে পছন্দ করেন”। তবে এই কথা যে তাঁর দিকেও বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, তা হয়ত চিন্তা করে দেখেননি অর্জুন।
আসলে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিট পাননি অর্জুন। এই কারণেই মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েই সোজা দিল্লির টিকিট ধরেন তিনি। যোগ দেন বিজেপিতে। তিনিও ক্ষমতার কারণেই যে এ কাজ করেছেন, তা-ও বেশ স্পষ্ট।
আরও পড়ুন- ‘বিচ্ছেদ হতেই পারে, আমারও তো হয়েছে, বিয়েটা তবে স্বীকার করা উচিত’, নুসরতকে পরামর্শ সৌমিত্রর
গতকাল, বুধবার দিল্লি গিয়েছেন তিন সাংসদ, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক ও সৌমিত্র খাঁ। দিল্লি থেকেই রাজীবকে আক্রমণ শানান অর্জুন। কটাক্ষ করে বলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় চিরকাল ক্ষমতায় থাকতে পছন্দ করেন। তবে তাঁর তৃণমূল কংগ্রেসে যাওয়া উচিত হবে না। যদি যান তাহলে ভুল করবেন। তবে বিজেপিতে থাকলে আখেরে রাজীবের লাভই হবে। বিজেপিতে থাকলে ২০২৪ সালে উনি বড় নেতা হতে পারবেন। তাই এখন উচিত হাওড়ার মানুষের পাশে থাকা”।
এদিকে, হাওড়ায় এখন বিজেপি সংগঠন নেই। যা তৈরি হয়েছিল, বিধানসভা ভোটের ওর সব শেষ হয়ে গিয়েছে। এই কারণে এখন রাজীবকে এমন প্রতিশ্রুতি দিতে আটকে রাখার চেষ্টা করছে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, কিছুদিন আগে হওয়া হেস্টিংসে গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেন নি রাজীব। এরপরই ফেসবুকে বিজেপি বিরোধী একটি পোস্ট করেন তিনি। লেখেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড ও ইয়াস’ এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা”
আরও পড়ুন- ‘মোদীকে তাড়াতে চাই’, কৃষকনেতার সঙ্গে বৈঠকের মাধ্যমেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু মমতার
রাজীবের এই পোস্ট নিয়ে এর আগে তাঁকে কটাক্ষ করেছেন সৌমিত্র খাঁ থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। এবার অর্জুন সিং-এর কটাক্ষের শিকার হলেন রাজীব।





