এবারের পুজো এমনিই একটু আলাদা হতে চলেছে। এবার সাথে যোগ হল আরও একটি খারাপ খবর। ফের চোখ রাঙাবে নিম্নচাপ, এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির ছবি দেখা যেতে পারে বলে জানিয়েছেন তারা।
আজ সোমবার, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর । তবে জেলাগুলির সব জায়গায় বৃষ্টিপাত হবে না। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে। বৃষ্টির সঙ্গ দিতে পারে বজ্রবিদ্যুৎ।
আজ সোমবার, সামান্য বৃষ্টিপাত দেখা যেতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূমে। রাজ্যের উপকূলীয় জেলার সমুদ্র নিকটবর্তী অঞ্চলগুলিতে ৩০ থেকে ৪০ কি.মি/ঘন্টা গতিবেগে হাওয়া বইতে পারে বলে জানানও হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। ফলে আজকের নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা।
আগামী দুই থেকে তিন দিন ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অপেক্ষাকৃত একটু বেশি বৃষ্টিপাত দেখা যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল রাজ্যের উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ সোমবার, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত দেখা দিতে পারে। পার্বত্য এলাকা এবং কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি সম্ভাবনা কোথাও নেই।
কলকাতার পারদ ঊর্ধ্বমুখী। সঙ্গে দেখা দিয়েছে চরম আর্দ্রতাজনিত অস্বস্তি। দুইয়ের কারণে নাজেহাল কলকাতাবাসী। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের গড় পরিমাণ সর্বোচ্চ ৬৭ শতাংশ। আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়।





