উত্তরে বৃষ্টি চললেও দক্ষিণে বৃষ্টির দাপট শেষ হয়েছে বেশ কিছুদিন কেটে গেছে। ক্রমশ উর্দ্ধমুখী তাপমাত্রা। সাথে চড়া রোদ। আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে নাজেহাল সাধারণ মানুষ। এই অবস্থার থেকে মুক্তি পেতে আবার সেই বৃষ্টির জন্যই অপেক্ষা করছে আমজনতা। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও হচ্ছে না শান্তির বৃষ্টি। ফলে বৃষ্টির মুখ চেয়ে চাতক পাখির মতো অপেক্ষারত দক্ষিণবঙ্গবাসী।
উত্তরের ছবি সম্পূর্ণ বিপরীত। দার্জিলিং-সহ পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে। আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। আগামীকালও ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে। আজ, বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হবে নিম্নচাপ। তবে মৎস্যজীবীদের জন্য এখনও কোনও রকম সতর্কবার্তা জারি করা হয়নি। এই নিম্নচাপের প্রভাবে বদল ঘটতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। শান্তির বৃষ্টিতে ভিজে যেতে পারেন দক্ষিণবঙ্গবাসী । সেটাই মনে করছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়বে বলে মনে করা হচ্ছে। শুক্র, শনি এবং রবিবার সেই বৃষ্টি আরও বাড়তে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন তারা।
আজ, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ থাকবে পরিস্কার। কখনও কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।





