সেপ্টেম্বর মাস থেকে আর সেরকম বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। বরং ক্রমশ বাড়তে থেকেছে তাপমাত্রার পারদ। সাথে বেড়েছে আর্দ্রতা জনিত সমস্যা। এবার দক্ষিণবঙ্গবাসীর জন্য খুশির খবর জানাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৯ই সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা থাকছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হাওড়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি পাতে ভিজতে পারে কলকাতা এবং অন্যান্য জেলাগুলো।
আবহাওয়া দফতর জানাচ্ছে, মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছে। যা আস্তে আস্তে ক্রমশ উত্তর দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের তরফে মৎসজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে । উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সর্বাধিক গতিবেগ ৬০ কিমি পর্যন্তও হতে পারে। তাই আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিম্নচাপের জেরে দক্ষিনবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দেখা দেবে আর আর্দ্রতাজনিত সমস্যা। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় বজবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ, শনিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। থাকবে তীক্ষ্ণ ও প্রখর রোদ। সাথে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সাময়িকভাবে মেঘলা আকাশ দেখা দিতে পারে। সামান্য বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই বললেই চলে। আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ শতাংশ।





