রাজ্যের পরবর্তী রাজ্যপাল কে হবেন? জল্পনা শুরু দু’টি নাম নিয়ে, কারা তারা?

রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে এনডিএ জোটের তরফে। এটা যে বিজেপির একটা মাস্টারস্ট্রোক, তা বলা যেতেই পারে। একদিকে যখন রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, সেই সময় দাঁড়িয়ে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা বেশ তাৎপর্যপূর্ণ।

জগদীপ ধনখড় এই উপরাষ্ট্রপতি নির্বাচনের যে জিতে যাবেনই, তা নিয়ে কোনও দ্বিমত আপাতত নেই। তবে এসবের মধ্যেই যে প্রশ্নটা বারবার উঠে আসছে, তা হলে জগদীপ ধনখড় যদি উপরাষ্ট্রপতি হন, তাহলে বাংলার রাজ্যপাল কে হবেন? ২০২৪-এ লোকসভা নির্বাচন। এই আবহে বাংলায় ভোট টানতে মরিয়া বিজেপি। সেই কারণে কাকে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করতে চলেছে কেন্দ্র, তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে।

এহেন পরিস্থিতিতে বাংলার পরবর্তী রাজ্যপাল হিসেবে উঠে আসছে দু’টি নাম। প্রথম হলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও অন্যজন হলেন সদ্যই রাজ্যসভা ও কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়া উত্তরপ্রদেশের শিয়া মুসলিম নেতা মুখতার আব্বাস নকভি।

বলে রাখি, ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পান জগদীপ ধনখড়। তবে রাজ্যপাল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে যে জগদীপ ধনখড় যেভাবে বাংলার শাসকদলের তোয়াক্কা না করেই, নিজের মতো কাজ করতেন, পরবর্তী রাজ্যপালও কী তাহলে সেভাবে কাজ করতে পারবেন? ধনখড় যেভাবে প্রকাশ্যে মমতা সরকারের বিরোধিতা করেন, পরবর্তী রাজ্যপালও কী তেমনটাই করতে আদৌ পারবেন!

এক্ষেত্রে রাজ্যপালের হওয়ার দৌড়ে শিশির অধিকারীর সম্ভাবনা খুবই কম বলেই মনে করা হচ্ছে। এমনকি, তাঁর পরিবারের তরফেও জানানো হয়েছে যে এই বিষয়ে কোনও আলোচনা, বা কোনও খবর তাদের কাছে নেই। বাংলার পরবর্তী রাজ্যপাল হওয়ার জন্য এগিয়ে মুখতার আব্বাস নকভিই।

নকভি রাজনীতিক হিসেবে অনেক বেশি বিচক্ষণ ও কুশলী। তাছাড়া, নকভি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়েন। সেই কারণে নকভিকে যদি বাংলার রাজ্যপাল করা হয়, তাহলে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে সংখ্যালঘু ভোট টানতে সক্ষম হবে বিজেপি। আর তাছাড়া, মমতা সরকার যেমন জগদীপ ধনখড়কে প্রকাশ্যে আক্রমণ করে, সেই ঘটনা যদি নকভির সঙ্গেও ঘটে, তাহলে রাজ্যের মুসলিম ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই নকভিকে বাংলার পরবর্তী রাজ্যপাল করার নেপথ্যে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে যে একটা ইতিবাচক বার্তাই দিতে চাইছে বিজেপি, তা বলাই বাহুল্য।

আরও অন্যান্য খবর