আইপিএল প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী একটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়েছে। ললিত মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি ডেট করছেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন’র সঙ্গে। তারপরই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ।
ললিত-সুস্মিতার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বহু তারকা অভিনেত্রী। বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত-ও এর ব্যতিক্রম নয়। মুম্বাইতে রাখি সাওয়ান্ত জানিয়েছেন, ‘ওয়াও ললিতজি, কত বড় দাঁও মারলেন। সরাসরি সুস্মিতা সেন! আসলে ললিতজি আর সুস্মিতাকে দেখে আমার বাবা-মেয়ের মতোই লেগেছে। উনি না হয় প্রাক্তন মিস ইউনিভার্স, কিন্তু আপনি কে?’
এই মন্তব্য শুনে পাপারাৎজিরা ড্রামা কুইন-কে মনে করিয়ে দেন, ললিত মোদী প্রাক্তন আইপিএল চেয়ারম্যান হলেও ওঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা চলছে। এই কথা শুনে রাখি জানান, ‘আরে ভাই পয়সা নিয়ে পালিয়ে যাবেন তো, বড় বড় নায়িকাদের তো পেয়েই যাবেন। আজকাল পয়সা না থাকলে কেউ ফিরেও তাকায় না, রূপও দেখে না। তবে রাখি সাওয়ান্ত এমন নন, তিনি পয়সার দিকে ছোঁটেন না, ভালোবাসার দিকে ছোটেন।’
তবে গতকাল মুখ খুলেছেন ‘বিশ্বসুন্দরী’ বঙ্গতনয়া সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি যেখানে আছি সুখে আছি। বিবাহিত নই, এখানে কোনও আংটির বিষয়ও নেই। শুধুই নিঃশর্ত ভালোবাসায় ঘেরা।’






