লোকসভা নির্বাচনের আর একমাস বাকি। তৃণমূল ইতিমধ্যেই ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে বিজেপির তরফে বাংলা থেকে এখনও পর্যন্ত ২০ জনের নাম জানা গিয়েছে। এখনও বাকি ২২ আসনে নাম আসা। আর সেই নিয়ে বিজেপির অন্দরে চলছে নানান জল্পনা-কল্পনা।
গতকাল, সোমবার প্রার্থী তালিকা সংক্রান্ত আলোচনা সারতেই দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, এই বৈঠকে একটি খসড়া তালিকা তৈরি হবে। আজ, মঙ্গলবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে এই তালিকাতেই সিলমোহর পড়বে। অনুমান, আগামীকাল বুধবার প্রকাশিত হবে প্রার্থী তালিকা।
প্রার্থী তালিকা নিয়ে বেশ চর্চা চলছে। আগেই জানা গিয়েছিল, বসিরহাট থেকে প্রার্থী হতে চলেছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। এখনও পর্যন্ত তেমনই খবর রয়েছে। সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি লড়তে পারেন তমলুক থেকে, তেমনটাই এখনও পর্যন্ত স্থির হয়েছে।
অন্যদিকে, তৃণমূলে টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং। তাঁকে ব্যারাকপির থেকেই টিকিট দেওয়া হতে পারে বলে খবর। বিজেপিতে গিয়েছেন তাপস রায়ও। তাঁকে কলকাতা উত্তর থেকে টিকিট দেওয়া হতে পারে। এমনটা হলে, তাপসের বিপক্ষে থাকবেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে আবার তাপসের আদায়-কাঁচকলায় সম্পর্ক।
বিজেপির প্রথম প্রার্থী তালিকায় নাম ছিল না মেদিনীপুরের। সেই কেন্দ্রে এখন সাংসদ দিলীপ ঘোষ। ফলে এই কেন্দ্র নিয়ে বেশ মাথাব্যাথা রয়েছে সকলের। বিজেপি সূত্রে খবর, মেদিনীপুর থেকে ফের দিলীপ ঘোষকেই টিকিট দেবে দল। অন্যদিকে, কলকাতা দক্ষিণ থেকে লড়তে পারেন বিজেপির যুব মোর্চা রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খাঁ। বারাসাতের প্রার্থী হতে পারেন ডঃ মধুছন্দা কর বা বিমল শঙ্কর নন্দ। আর বনগাঁ থেকে ফের টিকিট পাচ্ছেন শান্তনু ঠাকুরই। এবার তালিকা প্রকাশিত হলেই জানা যাবে বাকি প্রার্থীদের নামও।





