ভোটের ময়দানে রাজপরিবারের বধূ, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমাকে প্রার্থী করার পথে বিজেপি

আর পাক্কা একমাস বাকি লোকসভা নির্বাচনের। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার। তৃণমূলের তরফে ৪২টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করলেও বিজেপি বা সিপিএমের তরফে এখনও সম্পূর্ণ তালিকা ঘোষণা করা হয়নি। এর ফলে বাকি প্রার্থী নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে।

যা শোনা যাচ্ছে, এবার রাজবাড়ির নাম যুক্ত হতে চলেছে রাজনীতির সঙ্গে। কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মৈত্রকেই। তাঁর বিরুদ্ধে কোনও নামী প্রার্থীকে ভোটের ময়দানে নামাতে চায় বিজেপি। সেই কারণে এই কেন্দ্রের নাম নিয়ে বেশ চর্চা চলছে বৈ কী! এরই মধ্যে এবার শোনা যাচ্ছে, কৃষ্ণনগর রাজবাড়ির রানীমাকেই হয়ত মহুয়ার বিরুদ্ধে ভোটের ময়দানে নামাতে চলেছে বিজেপি।

বিজেপি সূত্রে খবর, কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা অমৃতা রায় কৃষ্ণনগরের প্রার্থী হতে পারেন। তাঁর নাম নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে। কৃষ্ণনগরের রাজপরিবারের কূলবধূকেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামাতে পারে গেরুয়া শিবির। এই নিয়ে অমৃতা রায়ের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি, এমনটাই খবর। এও জানা গিয়েছে, তিনিও প্রার্থী হওয়ার জন্য উৎসাহ প্রকাশ করেছেন।

জানা যাচ্ছে, কৃষ্ণনগরে প্রার্থী হওয়ার জন্য প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায়ের পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কেও প্রস্তাব দিয়েছিল বিজেপি। তবে তিনি রাজি হন নি। এছাড়াও সম্ভাব্য তালিকায় অনেকের নামই ছিল। তবে শেষ পর্যন্ত অমৃতা রায়কেই বেছে নিয়েছে গেরুয়া শিবির।

বলে রাখি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার। সেই মহুয়া মৈত্রকেই ফের কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে কোনও চেনা মুখকেই প্রার্থী করতে চাইছিল বিজেপি। এবার দেখার পালা কৃষ্ণনগরে রাজবাড়ির পুত্রবধূ রাজ করতে পারেন কী না!

RELATED Articles