নাড্ডার ডাকা বিজেপি কোর কমিটির বৈঠকে যোগ দিলেন না শুভেন্দু অধিকারী, শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংঘাত? বাড়ছে জল্পনা

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর কোনও কোর কমিটির বৈঠকেই অনুপস্থিত থাকেন নি তিনি। তবে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নেতৃত্বে ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউটাউনের হোটেলে কোর কমিটির বৈঠকে দেখা মিলল না তাঁর। আর তা নিয়ে ছড়াল জল্পনা।

এর আগে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে পঞ্চায়েত হিংসায় আক্রান্ত কর্মী সমর্থক ও জয়ী সদস্যদের বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তিনি সেই বৈঠকে বলেন, তিনি নিজের এলাকায় তৃণমূলকে পিছনে ফেলে ১৭ টির মধ্যে ১১ টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছেন। মঞ্চে এসে বড় বড় বক্তৃতা দিলেই সংগঠন হয় না। আগে নিজের এলাকায় জিততে হবে। তারপর বক্তৃতা দেওয়া ভালো।  

আর কে কে অনুপস্থিত ছিলেন এই বৈঠকে?

সূত্রের খবর, বক্তৃতা শেষে যাওয়ার সময় শুভেন্দু নাড্ডাকে বলে যান যে তিনি পরিবর্তী বৈঠকে থাকতে পারবেন না। বিরোধী দলনেতা ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ বেশ কয়েক জন এ দিনের বৈঠকে অনুপস্থিত রয়েছেন। তবে বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।

বঙ্গ বিজেপির কোর কমিটির মোট সদস্য সংখ্যা ২৪। শনিবার রাতের বৈঠকে ২৪ জনই আমন্ত্রিত ছিলেন। বিরোধী দলনেতা একা নন, গরহাজির ছিলেন বিজেপির কোর কমিটির আরও ৬ সদস্য। রাত সাড়ে দশটা পর্যন্ত চলে এই বৈঠক।

শুভেন্দুর এই অনুপস্থিতি নিয়ে নানান প্রশ্ন উঠেছে। কোলাঘাটে পঞ্চায়েতি রাজ সম্মেলনেও দেখা মেলেনি তাঁর। সেখানে ভারচুয়ালি বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠেছে যে শুভেন্দুর সঙ্গে কী তাহলে শীর্ষ নেতৃত্বের কোনও বিবাদ তৈরি হয়েছে? সেই কারণেই কী এই অনুপস্থিতি?

কী জানাচ্ছে গেরুয়া শিবির?

তবে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবী, “শুভেন্দু অধিকারী সব বৈঠকেই থাকেন। বিকালেও ছিলেন এবং ভাষণও দিয়েছেন। এই বৈঠকে পৌঁছতে পারেননি। সেটার কারণ জেনে নেব”।

RELATED Articles