২০২১ সালে কাশ্মীরের বারামুলায় জঙ্গিদের আক্রমণে শহিদ হয়েছিলেন সিআরইএফ জওয়ান জগন্নাথ রায়। এবার সেই শহিদ জওয়ানের স্ত্রীকেই ধূপগুড়ি উপনির্বাচনের জন্য প্রার্থী করল বিজেপি। নাম তাপসী রায়। তিনি সেভাবে রাজনীতিতে সক্রিয় না থাকলেও বিজেপি তাঁকে প্রার্থী করায় তাঁকে নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে এবার। গতকাল, স্বাধীনতা দিবসের দিনই এই ঘোষণা করা হয় দিল্লির বিজেপির সদর দফতর থেকে।
কে ছিলেন জগন্নাথ রায়?
২০২১ সালের ২৫ মার্চ শ্রীনগর-বারামুলা জাতীয় সড়কে সিআরপিএফের ৭৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের রুটিন টহলদারির সময় আচমকা আক্রমণ চালায় লস্কর জঙ্গিদের একটি দল। ঘটনায় গুরুতর জখম হন ধূপগুড়ির পশ্চিম শালবাড়ীর বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়। এরপর বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর মৃত্যু হয় তাঁর। সেখান থেকে কফিনে করে যখন তাঁর দেহ বাড়িতে আনা হয়, সেসময় উপচে পড়েছিল ভিড়।
কেন ধূপগুড়িতে উপনির্বাচন?
গত ২৫ জুলাই হার্টের সমস্যা জনিত কারণে প্রয়াত হন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেই মৃত্যু হয় তাঁর। বর্তমানে ধূপগুড়ি বিধায়কহীন। ফলে বিজেপি বিধায়কের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর হবে ভোট, আর ৮ সেপ্টেম্বর ফল প্রকাশ।
এই উপনির্বাচনের জন্য সিপিএম ও তৃণমূলের তরফে অনেক আগেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এতদিন পর্যন্ত গেরুয়া শিবিরের তরফে কোনও নাম স্থির করা হচ্ছিল না। এর জেরে জল্পনাও ছড়াচ্ছিল। শোনা গিয়েছিল, প্রয়াত বিধায়ক বিষ্ণুপদ রায়ের ছেলেকে প্রার্থী করা হতে পারে। তবে শেষ পর্যন্ত শহিদ জওয়ানের স্ত্রীয়ের উপরেই ভরসা রাখল গেরুয়া শিবির।





