কলকাতায় শীতের বিরতি! উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা! রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস

জানুয়ারির (January) শেষ সপ্তাহে শীতের চিহ্ন প্রায় নেই বললেই চলে। দেশের বেশিরভাগ রাজ্যে হাল্কা শীতের আমেজ থাকলেও প্রকৃত শীত যেন হারিয়ে গিয়েছে। শীতপ্রেমীদের প্রশ্ন, কবে ফিরবে শীত? তবে শীত না থাকলেও আবহাওয়া দপ্তর ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িকভাবে ঠান্ডা বাড়াতে পারে।

বুধবার রাতেই দিল্লির বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে রাজধানীর তাপমাত্রা খানিকটা কমেছে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে বিহারের বিভিন্ন এলাকায় কুয়াশা এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং সিকিমেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলায় আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে ২৬ জানুয়ারি রবিবার থেকে তাপমাত্রা ফের কমবে এবং পারদ ২ থেকে ৪ ডিগ্রি নামতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সপ্তাহে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হাল্কা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। এই পরিস্থিতি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হলেও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কিছুটা ব্যাহত হতে পারে।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসে গ্রহের শুভ গোচর, ৪ রাশির জন্য কর্মজীবনে বড় সাফল্যের সম্ভাবনা!

দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়ার এই পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই ঘটছে। বিশেষজ্ঞদের মতে, সাময়িকভাবে ঠান্ডা ফিরতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। সামনের দিনগুলিতে আবহাওয়ার পরিবর্তন আরও খুঁটিনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। কুয়াশা এবং ঝড়বৃষ্টির সতর্কতা মাথায় রেখে মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles