সারাদেশে শীতের আমেজে রেশ কাটলেও, কুয়াশায় ঢাকা সকাল আর উষ্ণতর রাত দক্ষিণবঙ্গের জলবায়ুকে চমকে দিচ্ছে। সরস্বতী পুজোর দিনেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে, হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে শীতের রেশ কমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা উপরে ঘোরাফেরা করছে।
আজ, রবিবার কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানানো হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে। এদিকে, সোমবার থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার সহ সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। পাহাড়ি এলাকায় তুষারপাতের কোনো সম্ভাবনাও নেই। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা স্থিতিশীল থাকলেও শীতের আমেজ কিছুটা হলেও কমেছে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ৩ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি থাকবে। একইভাবে, উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে।
আরও পড়ুনঃ গজলক্ষ্মী রাজযোগ! সৌভাগ্য নিয়ে আসছে ৪টি রাশির জীবনে নতুন সূচনা!
বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে। সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে শীতের মেজাজ কমতে শুরু করেছে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা স্থিতিশীল থেকে একটু গরম ভাব তৈরি করতে পারে। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ থেকে শীতের শেষ অবশিষ্ট রেশও হয়তো বিদায় নেবে।





