স্বত্বাধিকার লঙ্ঘনের অভিযোগ! সাধারণতন্ত্র দিবসের পোস্ট করায় স্থায়ীভাবে বাতিল এক্স হ্যান্ডল! ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী স্বরা ভাস্কর

সাধারণতন্ত্র দিবস (Republic Day) দেশের ইতিহাসের অন্যতম গর্বের দিন। প্রতিবছর এই দিনটি দেশবাসীর মনে নতুন উদ্যম এনে দেয়। একদিকে রাষ্ট্রীয় কুচকাওয়াজ, অন্যদিকে সমাজমাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে উদযাপন করা হয় এই দিনটি। তারকাদের মধ্যেও সাধারণতন্ত্র দিবস উদযাপনের উন্মাদনা দেখা যায়। তবে এ বছর এই দিনটি নিয়ে এক বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

বরাবরই সমাজমাধ্যমে খোলাখুলি নিজের মতামত প্রকাশের জন্য পরিচিত স্বরা ভাস্কর। এ কারণে একাধিক বার সমালোচিত হয়েছেন তিনি। এবারও তাঁর একটি সাধারণতন্ত্র দিবস পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দুই দিন আগে নিজের এক্স হ্যান্ডলে (X) দুটি ছবি পোস্ট করেছিলেন স্বরা। এরপরই আসে স্বত্বাধিকার লঙ্ঘনের অভিযোগ। তার জেরেই স্থায়ীভাবে বাতিল করা হয় তাঁর এক্স হ্যান্ডল। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

স্বরা জানিয়েছেন, দুটি নির্দিষ্ট ছবিকে কেন্দ্র করে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রথম ছবিতে কমলা রঙের ব্যাকগ্রাউন্ডে দেবনগরী লিপিতে লেখা ছিল, “গান্ধী হম শরমিন্দা হ্যায়, তেরে কাতিল জিন্দা হ্যায়।” এটি বহু আন্দোলনের পরিচিত স্লোগান। অথচ এই পোস্টকে ঘিরেই নাকি স্বত্বাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। দ্বিতীয় ছবিতে ছিল তাঁর কন্যার একটি ছবি। সেখানে কন্যার মুখ ইমোজি দিয়ে ঢেকে ভারতের জাতীয় পতাকা হাতে ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’ বার্তা দেওয়া হয়। স্বরার প্রশ্ন, “এর মধ্যে স্বত্বাধিকার লঙ্ঘনের বিষয় কীভাবে থাকতে পারে?”

অভিনেত্রীর দাবি, এটি নিছকই তাঁকে হেনস্থা করার পরিকল্পনা। সমাজমাধ্যমে দেওয়া পোস্টে স্বরা জানিয়েছেন, “এটি ভিত্তিহীন এবং হাস্যকর অভিযোগ। শুধুমাত্র আমার প্রতিবাদী কণ্ঠস্বর বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ এই দুটি পোস্টেই কোনও প্রকার স্বত্বাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ নেই।”

আরও পড়ুনঃ কুয়াশায় মোড়া সরস্বতী পুজো!দক্ষিণবঙ্গে শীতের রেশ কমছে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী

স্বরা ভাস্করের এক্স হ্যান্ডল বাতিল হওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তবে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সাধারণতন্ত্র দিবসে স্বাধীন মতামত প্রকাশের জায়গায় এ ধরনের পদক্ষেপ কি আদৌ যুক্তিযুক্ত? আপাতত এই বিতর্কেই সরগরম বলিউড।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles