মাঘ মাস শেষ হওয়ার আগেই বিদায়ের ঘণ্টা বেজে গেল শীতের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই আভাস দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, আগামী ৩-৪ দিনে রাজ্যে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আকাশ দিনভর পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকবে।
আজ, সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৯২ শতাংশ। আগামী চার-পাঁচ দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পংয়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে জানাচ্ছে আবহাওয়া দফতর। আর এর জেরেই তাপমাত্রা কিছুটা কমতে পারে সেখানে।
মাঘ মাসের এখনও কয়েকটা দিন বাকি রয়েছে। কিন্তু এই মাঘে শীত বাঘের গায়ে তো দূর, মানুষের গায়েও সেভাবে লাগেনি বলা যেতে পারে। কয়েকটা দিন বাদ দিলে বাকি মাস হালকা সোয়েটার বা বিনা গরম পোশাকেই কেটেছে। আবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে বলে জানা গিয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ফের বুধবার থেকে শুক্রবারের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের এই পার্বত্য এলাকাগুলিতে আরও এক দফায় বৃষ্টি ও তুষারপাত হওয়ার সম্ভাবনা।
সোমবার ও মঙ্গলবার অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। অন্যদিকে পাঞ্জাব ও উত্তরাখণ্ডে আগামী দু’দিন ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী ২৪ ঘন্টায় আবার উত্তরপ্রদেশ, বিহার, অসম ও মেঘালয়েও কুয়াশার দাপট থাকবে বলে খবর।





