বঙ্গে উৎসব শেষ। ফলে বাঙালির মন বিষণ্ণ। কিন্তু এরই মধ্যে মনে খানিক খুশির ভাব এনে দিচ্ছে শিটের আগমনী বার্তা। ভোরের দিকে বা রাতে হালকা শিরশিরানি ভাব শুরু হয়েছে। হেমন্তের হিমেল পরশের ছোঁয়া অনুভব করা যাচ্ছে। কবে নাগাদ বেশ ভালো করে শীতটা পড়বে বঙ্গে, তা নিয়ে এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আহবাওা দফতরের সূত্র অনুযায়ী, এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমের দিকে এগোবে। এর অভিমুখ তামিলনাড়ু ও শ্রীলঙ্কার দিকে। আবার দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি অক্ষরেখা রয়েছে যা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা ওড়িশা ও বাংলায়।
তবে হাওয়া অফিস জানাছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাড়বে শুষ্ক হাওয়ার দাপট। জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা কমতে থাকবে। সব যদি ঠিকঠাক থাকে, তাহলে সপ্তাহান্তেই দু-তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। ফলে উইকেন্ডেই শীতের আমেজ ভরপুর উপভোগ করতে পারবে বঙ্গবাসী। আর নভেম্বরের মাঝামাঝি বেশ ভালো ঠাণ্ডা পড়ে যাবে বঙ্গে।
তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশা দেখা দিতে পারে। জলীয় বাষ্প থাকায় ধোঁয়াশাও দেখা যেতে পারে বলে খবর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯-৯৬ শতাংশ।





