মাঘের শেষে ফের শীতের আমেজে মাতলো বাংলা। কয়েকদিন ধরে উষ্ণ আবহাওয়া চলার পর এক ধাক্কায় তাপমাত্রা কমে রাজ্যে ফিরেছে ঠান্ডার অনুভূতি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম। তবে এই শীতের অনুভূতি বেশি দিন টিকবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই উত্তর হিমালয় থেকে শীতল বাতাস বাংলায় ঢুকেছে। এর ফলে তাপমাত্রা দ্রুত হ্রাস পেয়েছে। আগামী দু’দিন রাজ্যে হালকা শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই সময় কুয়াশার দেখা মিলতে পারে। উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই।
শীতের এই সংক্ষিপ্ত আমেজের পর সোমবার থেকে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীত বিদায় নেওয়া শুরু করবে। তবে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে ফের একবার সামান্য তাপমাত্রা হ্রাস হতে পারে। এই দিন সামান্য ঠান্ডার অনুভূতি থাকতে পারে, যা পরে দ্রুত বিদায় নেবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার ওই এলাকায় আরও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে, যার প্রভাব অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হিসাবে দেখা যাবে। এই ঝঞ্ঝার কারণে বাংলার তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে।
আরও পড়ুনঃ মার্চ মাসে বুধের রাশি পরিবর্তন!৩টি রাশির জন্য আসছে বিশাল সাফল্য
আবহাওয়াবিদদের মতে, মাঘের শেষের এই শীত বেশিদিন স্থায়ী হবে না। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে শীতের আমেজ আর ফিরবে না বলেই মনে করা হচ্ছে। জেলাগুলিতে সামান্য ঠান্ডা অনুভূত হলেও কলকাতা কার্যত বিদায় জানাবে শীতকে। প্রেমদিবসের পর থেকেই রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠতে শুরু করবে। তবে শীতের এই হালকা ঝলক বিদায়ের মুহূর্তে কিছুটা হলেও শীতপ্রেমীদের মন ভরিয়েছে।






