বিধানসভা ভোট নিয়ে তৈরি বিজেপি! ডেপুটির পর এবার বঙ্গে আসছেন যোগী আদিত্যানাথ

ইতিমধ্যেই, দু’সপ্তাহের জন্য রাজ্য সফরে এসেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। জানা গিয়েছে, ৫০টি বিধানসভা আসনে প্রচার করবেন তিনি। দেখা করবেন মতুয়া ও দলিত উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের সঙ্গে। কেশবপ্রসাদ নিজে ‘পিছড়ে’ বর্গের নেতা। তাই রাজ্যের অবহেলিত বাংলাদেশী হিন্দুদের সঙ্গে কথা বলবেন তিনি, এমনটাই জানা গিয়েছে।

এদিকে, এই মাসেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি  নাড্ডা। বাংলায় আসার কথা রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। এর আগে সাংগঠনিকভাবে রাস্তা প্রশস্ত করতে এসেছেন কেশবপ্রসাদ মৌর্য। এদিন উলুবেড়িয়ায় বুদ্ধিজীবীদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। তাঁর কথায়, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে বাংলাদেশী হিন্দুদের অধিকার দেওয়া হবে। তাই বিজেপি যতক্ষণ না পর্যন্ত এই রাজ্যে ক্ষমতায় আসছে, ততদিন তাদের এই লড়াই অব্যাহত থাকবে। তিনি দাবী করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গরীব মানুষদের একাধিক প্রকল্পের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বেঁকে বসাতে, বনগাঁকে সাংগঠনিক জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিন উলুবেড়িয়া থেকে কেশবপ্রসাদ বলেন, “২০১৮ সালে লোকসভা উপ-নির্বাচনে বিজেপির তরফ থেকে উলুবেড়িয়ার প্রার্থী ছিলেন একজন হিন্দু। বাকী তৃণমূল, বামফ্রন্ট, ও কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ছিলেন মুসলিম নেতা। ফলাফলে দেখা গিয়েছিল তৃণমূল এগিয়ে থাকলেও দ্বিতীয় স্থান দখল করেছিল বিজেপি”।

বাংলায় হিন্দু সম্প্রদায়ের উপরেই জোর দিয়ে আগামী বিধানসভা নির্বাচন লড়তে চাইছে বিজেপি। এই কারণেই বিশেষ করে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এই পথ আরও মসৃণ করতেই এবার বাংলার পথে যোগী আদিত্যনাথ। বিজেপির এক প্রথমসারির নেতার দাবী, বাংলায় যোগী আদিত্যনাথ যাতে সমাবেশ করেন, সেইজন্য বেশ দাবী উঠেছে। তাঁর থেকেই জানা যায় যে, এবার যোগী আদিত্যনাথ আসছেন বাংলায় সভা করতে। তব তিনি কবে আসবেন, সে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে যে, আগে কেন্দ্রীয় নেতারা বাংলা সফর করে ফিরবেন, তারপর রাজ্যে আসবেন যোগী আদিত্যনাথ।

RELATED Articles