দুয়ারে মহাভোগ! এবার বাড়িতে বসেই মিলবে ভোগের খিচুড়ি থেকে শুরু করে নবমীর কচি পাঠার ঝোল, উদ্যোগ নিল পঞ্চায়েত

দুর্গাপুজোয় ধোঁয়াওঠা গরম খিচুড়ির স্বাদ যে কী অতুলনীয়, তা আর বলার অপেক্ষা রাখে না। খিচুড়ির সঙ্গে লাবড়া, চাটনি আর চালের পায়েস, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় সুখ। বারোয়ারির পুজোতে মহাভোগ এক নস্টালজিক ব্যাপারই বটে। এবার সেই নস্টালজিয়া অনুভব করুন বাড়িতে বসেই। দুর্গাপুজোর পাঁচদিনের জন্য পঞ্চায়েত দফতরের তরফে এক বিশেষ উদ্যোগ নেওয়া হল।

এই খিচুড়ি সহযোগে মহাভোগের স্বাদ পেতে যেতে হবে না পুজোমণ্ডপে। বাড়িতে বসেই পেয়ে যাবেন ভোগের স্বাদ। আর এই ব্যবস্থাটি করা হয়েছে পঞ্চায়েত দফতরের অধীনস্থ সংস্থা কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে। হোয়াটসঅ্যাপের বিশেষ নম্বরে অর্ডার দিলেই মহাভোগ পৌঁছে যাবে দুয়ারে। সেখানে খিচুড়ি লাবড়া থেকে বাসমতি চালের ভাতম পাঁঠার মাংস, সবই মিলবে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজোর এই পাঁচদিনের মেনুতে রয়েছে ভালো চালের ভাত, সোনা মুগের ডাল, চিংড়ি দিয়ে আলু-কপির ডালনা, দেশী মুরগির ঝোল, চিংড়ির মালাইকারি, চাটনি ও মিষ্টি। কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের এক অধিকর্তা এই বিষয়ে জানান যে সপ্তমীর দিন থাকছে স্বর্ণচূড়া চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, দু’পিস ফিস ওড়লি, কাতলা কালিয়া, ইলিশ পাতুরি, চাটনি ও মিষ্টি। এর জন্য খরচ মাথাপিছু ৫০০ টাকা।

অষ্টমীতে থাকছে নিরামিষ খাবার। মেনুতে থাকছে খিচুড়ি, লাবড়ার তরকারি, বেগুনি, বাসন্তী পোলাও, ছানার পুর দিয়ে পটলের দোরমা, ছানার কোপ্তা, চাটনি, ও মিষ্টি। এর জন্য মাথাপিছু খরচ পড়বে ৪৭৫ টাকা।

অন্যদিকে, নবমীর মেনুতে এলাহি আয়োজন। থাকছে বাসমতী চালের ভাত, গাওয়া ঘি, শুক্তো, ভেটকি মাছের পাতুরি, কচি পাঠার ঝোল, চাটনি ও মিষ্টি। মাথাপিছু খরচ ৫৫০ টাকা। আর দশমীতে পাতে পড়বে সাদা পোলাও, নবরত্ন, ঝুরি আলুভাজা, পান্তুয়া, ল্যাংচা, রসগোল্লা, নিকুতি, বালুসাই ও পায়েস। প্রতি প্লেটের দাম ৩৭৫ টাকা।

তাহলে আপনিও কী বাড়িতে বসেই পুজোর মহাভোগের স্বাদ গ্রহণ করতে চান? তাহলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই মেনু। অর্ডার দিতে হোয়াটসঅ্যাপ করতে হবে–৯৪৩২২০৭১৩১, ৯৭৩৪৩৯৯৯১৫, ৮২৪০৬২২৩৪৬, ৯৭৩৫৯২৯৪১৩।

আরও অন্যান্য খবর