পুজোর সময় মহিলাকে হেনস্থার প্রতিবাদ করায় চলন্ত বাইকে লাথি, বেঘোরে প্রাণ হারালেন তরতাজা যুবক

পুজোর মণ্ডপের সামনে এক মহিলাকে হেনস্থা করছিল কিছু যুবক। তা দেখে প্রতিবাদ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু এর জেরে যে প্রাণটাই হারাতে হবে, তা আর কেন জানত! প্রতিবাদী যুবকের মৃত্যু নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। মৃতদেহ রেখে ৩৪ নম্বর জাতীয় সড়কে চলে অবরোধ। অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সেভাবে সহযোগিতা করেনি।  

ঠিক কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনার সূত্রপাত নবমীর রাতে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানা এলাকার বিরহী এলাকায়। ওই এলাকাতেই থাকতেন শুভ দাস নামের এক যুবক। বয়স বছর ২৪। সূত্রের খবর, নবমীর রাতে বাড়ির কাছেই এক পুজো মণ্ডপে বসেছিলেন তিনি। সেই সময় তিনি দেখেন কয়েকজন যুবক এক মহিলাকে বিরক্ত করছে। তা দেখে যুবকদের বাধা দিতে যান শুভ।

এই নিয়ে ওই দুষ্কৃতীদের সঙ্গে বেশ বচসা বাঁধে তাঁর। সেই সময় ওই দুষ্কৃতীর দল এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। এরপর আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল শুভর জন্য।

অভিযোগ, এই ঘটনার কিছু পর শুভ নামের ওই যুবক যখন বাইক চালিয়ে যাচ্ছিলেন, সেই সময় দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করে। তাঁর বাইকে পিছনে লাথি মারে। বাইক থেকে পড়ে যান শুভ। মাথায় গুরুতর চোট পান। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

প্রথমে ওই যুবককে ভর্তি করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। কিন্তু পরে অবস্থার অবনতি হলে তাঁকে বারাকপুরের হাসপাতাল, পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। যুবকের মাথায় বড়সড় চোট লেগেছিল বলে খবর।

কিন্তু শেষরক্ষা হল না। গত শুক্রবার সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ মৃত্য়ু হয় শুভর। ময়নাতদন্তের পর গতকাল, শনিবার রাতে তাঁর মৃতদেহ বিরহীতে পৌঁছয়। সেই সময় এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। মোমবাতি জ্বালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

RELATED Articles