এখনও রাজ্যবাসীর মন থেকে দুর্গাপুজোর আমেজ কাটেনি। তবে উমার বিদায়ের সঙ্গে সঙ্গেই বাংলা জুড়ে হিমেল পরশ। রাতের দিকের তাপমাত্রা কমছে। কলকাতায় পারদ নেমেছে ২১ ডিগ্রির নীচে। জেলায় জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় এবার বঙ্গবাসী।
পুজোর সময় থেকেই আবহাওয়া শুষ্ক হতে শুরু করে বাংলার। দশমী ও একাদশীর দিন নিম্নচাপের জেরে বৃষ্টি হওয়ার কথা থাকলেও, সেভাবে ভেজেনি বাংলা। পুজো শেষেই রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছিল। মাঝেসাঝে আকাশে মেঘ জমলেও, আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই বলেই জানাল হাওয়া অফিস।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ সমস্ত জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে আর রাতের দিকের তাপমাত্রা কমবে। অক্টোবরের শেষের দিকেই শীতের বেশ ভালো আমেজই পাবে বঙ্গবাসী।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রির নীচে থাকবে তাপমাত্রা। দখিনা বাতাসের ব্যাটিং শেষ। এবার রাজ্যজুড়ে বিরাজ করবে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। আজ, রবিবার কলকাতার তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপামাত্রার পারদ ২ ডিগ্রি নেমেছে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। তবে এখন শিরশিরানি ভাব অনুভূত হলেও নভেম্বরের প্রথম কয়েকদিন আবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানাল আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের না দেখা দিলেও শীতের আমেজ উপভোগ করবে উত্তরবঙ্গের মানুষ।





