প্রায় চলেই এসেছে শীত। রাতের বা ভোরের দিকের শিরশিরানি আবহাওয়া তেমনটাই জানান দিচ্ছে। শীঘ্রই তাপমাত্রা নামবে বঙ্গের। হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। তা ধীরে ধীরে পশ্চিমের দিকে এগোবে। উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশে এই নিম্নচাপের প্রভাব পড়বে। তবে বাংলায় এর কোনও প্রভাব পড়বে না বলেই জানাল হাওয়া অফিস।
জানা গিয়েছে, আজ, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে। সব জেলাতেই এই সময় ভোরের দিকে কুয়াশা দেখা যাবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শেষের দিকে করেই বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে। উত্তরের জেলাগুলি তো বটেই গাঙ্গেয় দক্ষিনবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রাতে। শীতকাল এখনই পুরোদমে না পড়লেও শুক্রবার থেকেই শীতের আমেজ ভরপুর উপভোগ করবে বঙ্গবাসী।
আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ।





