ইভিএম মেশিন সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা, একাধিক অভিযোগ করলেন বিজেপি প্রার্থী

আজ, বুধবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। সকাল থেকেই নানান বুথ থেকেই বিক্ষিপ্ত কিছু অভিযোগ আসছে। এবার তৃণমূলের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। ইভিএম মেশিন সরিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল, এমনটাই দাবী, এমনকি, বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগও করলেন বিজেপি প্রার্থী।

এদিন ৬ কেন্দ্রের মধ্যে রয়েছে হাড়োয়াও। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রথমের দিকে সব ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ পর থেকে ওই কেন্দ্রে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। হাড়োয়ার সদরপুর হাইস্কুলের ২০০ নম্বর বুথে চলছিল ভোট গ্রহণ। সেখানে ভোট গ্রহণের কিছুক্ষণ পরই আচমকাই ইভিএম মেশিন সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।  

জানা গিয়েছে, তৃণমূল পোলিং এজেন্ট ইভিএম মেশিন সরিয়ে জানলার পাশে নিয়ে যান। বলেন, ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। জানলার পাশে ইভিএম মেশিন বসিয়ে ভিডিও করা হচ্ছিল বলে অভিযোগ। সেই সময় বাধা দেন হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস। এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। এই নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

শুধুমাত্র ইভিএম সরিয়ে নেওয়াই নয়, তৃণমূলের বিরুদ্ধে বুথের ভিতর বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগও করেছেন বিজেপি প্রার্থী বিমল দাস। তাঁর কথায়, “আমাদের লোক নেই ঠিক আছে। কিন্তু তৃণমূল রাতের অন্ধকারে আমার এজেন্টকে ভয় দেখিয়েছে। বিভিন্ন বুথ থেকে আমার এজেন্টকে বার করে দেয়া হয়েছে। তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন”।

আরও পড়ুনঃ উপনির্বাচনের জন্য বন্ধ নৈহাটির বড়মার মন্দির, তাও মন্দিরে ঢুকে পুজো দিলেন তৃণমূল প্রার্থী, দেখেই চটে গেলেন দর্শনার্থীরা, বিক্ষোভ!

উল্লেখ্য, হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। জিতেও ছিলেন তিনি। ফলে হাড়োয়া বিধানসভা কেন্দ্র বিধায়কহীন হয়ে পড়ে। কিছুদিন আগেই প্রয়াত হন হাজি নুরুল ইসলাম। এবার এই হাড়োয়া কেন্দ্রে হচ্ছে উপনির্বাচন।

RELATED Articles