ইয়েস ব্যাঙ্ক দুর্নীতি কান্ড: শিল্পপতি সুভাষ চন্দ্রকে তলব ইডি-র

এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলব পেলেন এসেল গ্রুপের কর্ণধার শিল্পপতি সুভাষ চন্দ্র। ইয়েস ব্যাঙ্কের টাকা তছরুপের মামলায় তাকে ডেকেছে ইডি। ইডি সূত্রে খবর, ইয়েস ব্যাঙ্ক থেকে সুভাষ চন্দ্রের এসেল গ্রুপ প্রায় ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। এই ঋণসংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছে তাঁকে। এর আগে অবন্ত গ্রুপের প্রধান গৌতম থাপার ও রিলায়েন্স গ্রুপের অনিল আম্বানীকে তলব করেছিল ইডি। সেইসময় অনিল আম্বানী না যাওয়ায় সোমবার তাঁকে আরও একবার তলব করা হয়েছে। যদিও শারীরিক অসুস্থতার জন্য আবারও ইডিতে হাজিরা পিছিয়েছেন আম্বানী।

এর আগে ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে নির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। গত শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সেই প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাঁর কথায়, “রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবমতো স্টেট ব্যাঙ্ক আগামী দিনে ইয়েস ব্যাঙ্কের ইকুইটিতে ৪৯ শতাংশ বিনিয়োগ করবে। অন্যান্য বিনিয়োগকারীদেরও আহ্বান জানানো হচ্ছে।”

ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবনে আরবিআই যে প্রস্তাব দিয়েছে, তাতে ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে স্টেট ব্যাঙ্ক। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আগামী তিন বছর ইয়েস ব্যাঙ্কের ২৬ শতাংশ হোল্ডিং নিজের হাতে রাখবে। ইয়েস ব্যাঙ্কের কোনও কর্মীকেই ছাঁটাই করা হবে না কিন্তু তাদের বেতন বৃদ্ধিও হবে না।

RELATED Articles

Leave a Comment