স্বপন শেঠ। বর্তমান বয়স ৭৭। এই নামটা হয়ত অনেকেরই পরিচিত। ২০১৬ সালে প্রথম আমজনতার মনে জায়গা করে নেয়। নিজের স্ত্রীকে সুস্থ করে তুলতে ভায়োলিনে সুরের ঝড় তুলেছিলেন তিনি। তবে সেই সুর থেমে যায়নি। চলছে। আজও। অবিরাম।
বৃদ্ধ স্বপন শেঠ তাঁর ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে হাতে তুলে নিয়েছিলেন ভায়োলিন। নিজের সম্বল একমাত্র সঙ্গীত শিক্ষার মাধ্যমে স্ত্রীর চিকিত্সার জন্য অর্থসংগ্রহ করা শুরু করেন এই বৃদ্ধ। সকলের নজর এড়িয়ে নীরবেই এই কাজ করছিলেন স্বপনবাবু। রাজধানীর ওল্ড কফি হাউজের সামনে বেহালার ছড়ে করুণ-প্রেমের সুর তুলতেন এক বৃদ্ধ। আজ তিনিই কলকাতায়। বন্ধ করেননি গান।
তিলোত্তমার জনপ্রিয় সিটি সেন্টার ওয়ান- এর ঠিক উল্টো দিকে তার ভায়োলিনে বেজে ওঠে “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”।
স্বপন বাবুকে প্রথম প্রচারের আলোয় আনেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রাক্তন পরামর্শদাতা তথা লেখক সৃজন পাল সিংহ। স্বপন বাবুর একটি ভিডিও পোস্ট করেন তিনিই।
তখনই জানা গিয়েছিল, স্বপনবাবু কলকাতার বাসিন্দা। তাঁর স্ত্রী মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য এই বৃদ্ধ সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন। কাউকে কতটা ভালবাসলে এইরকম নিদর্শন রাখা যায় তার জলন্ত প্রতীক তিনি। তাই যতদিন বাঁচবেন এই ভাবেই সুরের মূর্ছনায় বাঁধবেন।






