শহরের ঝাঁ চকচকে সুইমিং পুল যেখানে একাধিক লোকজন আসনে সাঁতার কাটতে, কেউ বা আবার আসেন কিছুটা একাকীত্ব সময় কাটাতে। সেই সুইমিং পুলেই দেখা মিলল আস্ত এক কুমিরের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সেখানে।
যদিও সুইমিং পুলের কর্মীরা ওই কুমির শাবককে উদ্ধার করেছেন। কিন্তু ভয় এখনও কাটে নি সকলের মন থেকে। পৌরনিগমের নিয়ন্ত্রণাধীন ওই সুইমিং পুলে কীভাবে কুমির এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কী হয়েছিল ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে মুম্বই শহরের মহাত্মা গান্ধী সুইমিং পুলে। প্রতিদিন সকালেই সুইমিং পুলে লোক আসার আগে সেটির জল ঠিকঠাক রয়েছে কী না, তা দেখে নেন পুলের কর্মীরা। গত সোমবার ভোরেও সেই কাজই করছিলেন তারা। পুলের জল পরীক্ষা চলছিল। সেই সময়ই ঘটে বিপত্তি।
জানা গিয়েছে, তখনই ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই কুমিরটিকে দেখতে পান কর্মীরা। হইচই পড়ে যায় সেখানে। বিশেষজ্ঞদের খবর দেওয়া হয় দ্রুত। প্রায় ২ ফুট লম্বা ছিল ওই কুমিরটি। কুমির শাবকের পুনর্বাসনের জন্য সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
কী জানায় পুরসভায় তরফে?
এই ঘটনায় পৌরকর্তা কিশোর গান্ধী বলেন, “কুমির কোথা থেকে সুইমিং পুলে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। রিপোর্টে হাতে এলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে”।
এভাবে কুমির শাবকের সুইমিং পুলে প্রবেশের কারণ নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এমন এক ঘটনায় ওই পুলে যারা নিয়মিত স্নান করতে আসেন, তারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। কুমির উদ্ধার হলেও জলে নামতে ভয় পাচ্ছেন সকলেই।






