ভয়ঙ্কর! ৬ মাসের শিশুকে আঁচড়ে-কামড়ে দিল পোষ্য কুকুর, এফআইআর দায়ের পোষ্যের মালিকের বিরুদ্ধে

লিফটের ভেতর ঢুকে ৬ মাসের শিশু ও তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ল পোষ্য কুকুর। তাদের আঁচড়ে কামড়ে গুরুতর জখম করে সে। এই ঘটনায় ওই পোষ্যের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে গত ২৮ জুলাই গুরুগ্রামের সেক্টর ৫০-এর ইউনিটেক ফ্রেস্কো আবাসন কমপ্লেক্সে। জানা গিয়েছে, ঘটনার দিন যশবিন্দর সিং নামে আবাসনের এক বাসিন্দা স্ত্রী ও ৬ মাসের শিশু সন্তানকে নিয়ে আবাসনের ৭ তলা থেকে নীচে যাবেন বলে লিফটে উঠেছিলেন। লিফ্টের ভিতর জম্যাটোর একজন ডেলিভারি বয়ও ছিলেন। ৭ তলা থেকে নীচে নেমে ৫ তলায় দাঁড়ায় লিফ্টটি।

সেই সময়ই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। আচমকাই গলায় বেল্ট লাগানো একটি কুকুর লিফটের ভিতর দৌড়ে ঢুকে আসে। তারপর সে সোজা ঝাঁপিয়ে পড়ে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকা যশবিন্দরের স্ত্রীর উপর। আঁচড়ে কামড়ে দুজনকে ক্ষতবিক্ষত করে দেয় কুকুরটি।

কী জানাচ্ছেন যশবিন্দর?

যশবিন্দরের কথায়, কুকুরটির গলায় বেল্ট লাগানো থাকলেও তাতে কোনও লিশ ছিল না। তিনি জানান, তিনি প্রাণপণে কুকুরটির থেকে নিজের স্ত্রী ও সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন। লিফটে থাকা ডেলিভারি বয়ও সাহায্য করেছিলেন তাঁকে।

যশবিন্দরের অভিযোগ, ওই পোষ্যের মালিক বৃতি লুম্বার জন্যই এমন ঘটনা ঘটেছে। তিনি জানান যে এই ঘটনার পর বৃতি তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। তবে আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে কয়েকজন বৃতিকে এই ঘটনা নিয়ে হেনস্থা করেছেন।

এরপরই গত সোমবার তিনি থানায় গিয়ে কুকুরের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে এফআইআর দায়ের করেন। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২৮৯ ধারায় ওই পোষ্যের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

RELATED Articles