২০ বছর চেষ্টা করার পরও মেলেনি পছন্দের পাত্র, বিয়ের প্রবল ইচ্ছা থেকে অবশেষে নিজেকেই নিজে বিয়ে করলেন তরুণী

গত বছর জুন মাসে ক্ষমা বিন্দু নামের গুজরাতের এক তরুণী নিজেকেই নিজে বিয়ে করে তাক লাগিয়েছিলেন। সেই ঘটনা নিয়ে চর্চা হয় বিস্তর। এখনও সেই ঘটনা ভোলেন নি কেউ। এবার সেই একই কাজ করলেন ব্রিটেনের এক তরুণী। বেশ জমকালো এক বিয়ের ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ২০ বছর পরও নিজের পছন্দসই পাত্র না পেয়ে নিজেকেই বিয়ে করলেন ওই তরুণী।

জানা গিয়েছে, ওই তরুণীর নাম সারা উইলকিনসন। বয়স ৪২ বছর। সারার দাবী, ঠিকঠাক পাত্রের জন্য গত দুই দশক ধরে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু নিজের পছন্দমতো পাত্র পাননি তিনি। অথচ বরাবরই জমকালো বিবাহ অনুষ্ঠানের ইচ্ছা ছিল তাঁর।

সেই কারণেই তিনি নিয়ে নিলেন এক সিদ্ধান্ত। দেরি না করে কার্যত নিজেকেই বিয়ে করলেন সারা। নিজের এই বিশেষ দিনটির জন্য একটি দামী আংটিও কিনেছিলেন  তিনি। অভিনব এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারার নিকট আত্মীয় ও বন্ধুমহল।

গত ৩০ সেপ্টেম্বর বিয়ে সারেন সারা। নিজের এই বিয়ের জন্য দু’হাত খুলে খরচ করেছেন তিনি। বিয়ের সাজপোশাক থেকে শুরু করে বিবাহ বাসর সাজানো, এলাহি খাওয়াদাওয়া সবকিছুরই আয়োজন ছিল বেশ বড় মাপের। এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন ৪০ জন মতো অতিথি। সব মিলিয়ে ১০ লক্ষ টাকা নিজের বিয়ের জন্য খরচ করেন সারা।

নিজেকেই নিজে বিয়ে করা, এই ঘটনা সম্পর্কে সারার মত, “এটাকে রীতি মাফিক বিয়ে বলবেন না অনেকে। কিন্তু এটাই ছিল আমার বিয়ের দিন। বিয়ের জন্য জমানো অর্থই খরচ করেছি আমি”।

তাঁর কথায়, “কেউ আমার হাসি কেড়ে নিতে পারবে না। অনেকে অবিবাহিতই হয়তো ভাবছেন, যদি সারার মতো সিদ্ধান্ত নিতে পারতাম”।

RELATED Articles