মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়েছে। আর টমেটোর দাম যে হারে বেড়েছে, তাতে করে লাল এই সবজিতে এখন হাত দেওয়াই দায় হয়ে পড়েছে। টমেটো কেনা আর সোনাদানা কেনা সমান, এমনটাই দাবী মানুষের। এমন পরিস্থিতিতেই এবার যাত্রীদের বিনামূল্যে এক কেজি টমেটো উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন এক অটোচালক।
কে এই অটো চালক?
জানা গিয়েছে এই অটো চালকের নাম অরুণ। তিনি চণ্ডীগড়ের বাসিন্দা। গত ১২ বছর ধরে ভারতীয় সেনা জওয়ানদের থেকে তিনি এক পয়সাও ভাড়া নেন নি তিনি। এমনকি, অন্তঃসত্ত্বা মহিলাদেরও নিখরচায় হাসপাতালে নিয়ে পৌঁছে দেন অরুণবাবু। এবার সেই অটোচালকই এক দারুণ অফার দিচ্ছেন। যাত্রীদের বিনামূল্যে টমেটো উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তবে সেক্ষেত্রে একটি বিশেষ শর্ত মানতে হবে। তা পূরণ করলেই মিলবে বিনামূল্যে এক কেজি টমেটো।
কী শর্ত দিচ্ছেন অটো চালক?
শর্তটি হল, যাত্রীদের অরুণের এই অটোতে কমপক্ষে পাঁচবার চাপতেই হবে। তবেই বিনামূল্যে এক কেজি টমেটো পাবেন যাত্রীরা। শুধু তাই-ই নয়, আগামী অক্টোবরে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলায় যদি ভারত জিতে যায়, তাহলে একটানা পাঁচদিন বিনা খরচে অটো চড়াবেন, এমনটাও ঘোষণা করেছেন অরুণবাবু।
কিন্তু কেন এমন বিনামূল্যে পরিষেবা দেবেন তিনি?
ওই অটো চালকের কথায়, “আমার আয়ের এটাই উৎস। তবুও মানুষকে এই ধরনের পরিষেবা দিতে পারলে হৃদয় ভরে ওঠে”।





