পেঁয়াজ-রসুন দিয়ে প্রভু জগন্নাথদেবের ‘ফুড আর্ট’, নেটিজেনদের চরম রোষের মুখে শিল্পী, তুমুল বিতর্ক

জগন্নাথদেব যেন আমাদের সকলেরই ভীষণ কাছে। একটা আলাদাই অনুভূতি জড়িয়ে থাকে প্রভু জগন্নাথদেবের প্রতি আমাদের। কোনও বিপদ বা কোনও আশঙ্কার আঁচ হলে, জগন্নাথদেবের কথা ভাবলেই যেন মনে হয় সেই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। সেই কারণেই জগন্নাথদেবকে নিয়ে কোনও খারাপ কিছু দেখা গেলে প্রতিবাদের সুরও তীব্র হয়।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। সেই ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনরা যেন কোনওভাবেই সেই ছবি মেনে নিতে পারছেন না। আর এর জেরে রোষের মুখে পড়েছেন সেই ছবির সৃষ্টিকর্তা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে জগন্নাথদেবের একটি ফুড আর্ট বানানো হয়েছে। ভালোই দেখতে লাগছে। তবে একটা জায়গায় গিয়েই এই ছবিকে ঘিরে বাঁধল বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে ওই আর্টটি চারিদিক কারুকার্য করা হয়েছে পেঁয়াজ আর রসুন দিয়ে, যা দেখে তীব্র ক্ষেপেছেন নেটবাসীরা (যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।)।

পেঁয়াজ-রসুন দিয়ে প্রভু জগন্নাথদেবের ‘ফুড আর্ট’, নেটিজেনদের চরম রোষের মুখে শিল্পী, তুমুল বিতর্ক

আসলে আমাদের হিন্দু মতে, পেঁয়াজ-রসুনকে আমরা আমিষ বলেই মনে করি। আর ঠাকুরের কোনও আর্ট বানাতে সেই পেঁয়াজ-রসুনই ব্যবহার, এটা যেন কোনওভাবেই কাম্য নয়। হ্যাঁ অনেক দেবতাকেই আমিষ ভোগ নিবেদন করা হয় ঠিকই, কিন্তু ঠাকুরের আর্ট বানাতে পেঁয়াজ-রসুনের ব্যবহার, এটা বোধ হয় কেউই মেনে নিতে পারেন না। আর জগন্নাথদেবের ভোগেও তো পেঁয়াজ-রসুনের ব্যবহার চলে না। সেই কারণেই এই বিতর্ক।

জগন্নাথদেবের এই ‘আর্ট’ দেখে শিল্পীকে তীব্র কটাক্ষ করেছেন নেটিজেনরা। সকলের মতেই, ফুড আর্ট একটা শিল্প, সেটা ভালোভাবে করা যেতেই পারে। কিন্তু তা ফুটিয়ে তুলতে জগন্নাথদেবের আর্টে কেন পেঁয়াজ-রসুন এভাবে ব্যবহার করা হল। ইতিমধ্যেই এই ছবি সরিয়ে ফেলার দাবীও উঠেছে নেটপাড়ায়। এবার এই ছবিকে ঘিরে বিতর্কের জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

RELATED Articles