চলছে আমের মরশুম। আম ভালোবাসেন না, এমন মানুষ বোধ হয় কমই রয়েছে। হিমসাগর থেকে শুরু করে ফজলি, ল্যাংড়া নানান আমের চাহিদা থাকে তুঙ্গে। তবে এছাড়াও এমন প্রজাতির আমও এ দেশে রয়েছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে।
জাপানের মিয়াজাকি প্রজাতির আম এখন ফলছে ভারতের মাটিতেও। এক কেজি সেই আমের দাম আড়াই লক্ষ টাকা। বিরল প্রজাতির সেই আম আমজনতার সাধ্যের বাইরে। কিন্তু নিজের এক ছোট্ট ভুলের জেরে নিজের সেই মহার্ঘ্য আমই খুইয়ে বসলেন এক আম চাষি। দুর্মূল্য আম চুরি হওয়ার জেরে এখন মাথায় হাত তাঁর।
আম চাষি লক্ষ্মীনারায়ণের বাড়ি ওড়িশার নয়া নুয়াপাড়া জেলায়। তাঁর বাড়ির কাছেই বিরাট আম বাগান রয়েছে ওই চাষির। চলতি মরশুমে মোট ৩৮ রকম আমের চাষ করেছিলেন লক্ষ্মীনারায়ণ। এর মধ্যে বেশ কয়েকটি প্রজাতির আমের বিশ্ববাজারে বিরাট চাহিদা রয়েছে। দামও তেমনই। মাথার ঘাম পায়ে ফেলে এত রকম আম ফলিয়ে গর্বিত চাষি। আর সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়াই কাল হয়ে দাঁড়াল তাঁর।
নিজের বাগানের নানান প্রজাতির আমের ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবির মধ্যে ছিল সেই আড়াই লক্ষ কেজির আমের ছবিও। তাঁর এই ছোট্ট ভুলের মাশুল যে তাঁকে এভাবে ভুগতে হবে, তা হয়ত ঘুণাক্ষরেও টের পান নি লক্ষ্মীনারায়ণ।
সকালে ঘুম ভাঙতেই তিনি দেখলেন নিজেই নিজের কত বড় ক্ষতি করে ফেলেছেন তিনি। সকালে আম বাগানে গিয়েই মাথায় হাত পড়ল লক্ষ্মীনারায়ণের। দেখলেন তাঁর বহুমূল্য চার চারটি আম চুরি গিয়েছে। প্রথমে বিশ্বাসই করে উঠতে পারছিলেন না ওই চাষি। এর জেরে মন খারাপ তাঁর। নেটিজেনদের তাই পরামর্শ, দুর্মূল্য এই আমের জন্য কড়া নিরাপত্তা রাখা উচিত। নাহলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে।





