প্রথম বোমা চায়ের দোকানে, তারপর মুড়িমুড়কির মতো বোমাবাজি দেগঙ্গায়, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে তুমুল উত্তেজনা এলাকায়

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব, স্ক্রুটিনি, মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর্ব সব মিটে গিয়েছে। এখন শুধু জোরকদমে চলছে প্রচার। আর এরই মধ্যে দুই রাজনৈতিক দলের মধ্যে বাঁধল সংঘর্ষ। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষের জেরে তুমুল উত্তপ্ত দেগঙ্গা। পড়ল মুড়িমুড়কির মতো বোমা।

সূত্রের খবর, আজ, বুধবার সকালে দেগঙ্গার হাদিপুর এলাকায় শুরু হয় বোমাবাজি ও গুলিগালা। আইএসএফ সমর্থকদের কথায়, সকালবেলায় চায়ের দোকানে বসেছিলেন তারা। চা খাচ্ছিলেন আর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই বোমাবাজি শুরু করে এলাকার কয়েকজন যুবক। চায়ের দোকানের আশপাশে বেশ কয়েকটি বোমা পড়ে। এরপর এলাকায় চলে গুলি।

উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। অভিযোগ, আইএসএফ কর্মীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়। এরপর বেপরোয়া বোমাবাজি চলে। তৃণমূলের আবার পাল্টা অভিযোগ, আইএসএফ বোমাবাজি, গুলি করেছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথায়, “এলাকায় আইএসএফ বোমাবাজি করে আমাদের ঘাড়ে দোষটা পাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে তারা এলাকায় জায়গা করতে পারছে না, তাই নিজেরা বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে বোমাগুলির লড়াই করে”। এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বোমাবাজি, গুলির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তখনও তাজা বোমা ছিল। সেগুলি বালতি ভর্তি জলের ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়। পুলিশ গ্রামে পৌঁছতেই তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই এমন উত্তেজনা ছড়িয়েছে।

RELATED Articles