আগামী ২২ জানুয়ারি এক ইতিহাস সৃষ্টি হতে চলেছে দেশে। এদিন অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন রয়েছে। ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে নানান উপহার আছে রামলালার জন্য। কেউ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন অযোধ্যার উদ্দেশে তো আবার কেউ স্বর্ণপাদুকা মাথায় করে নিয়ে যাচ্ছেন রামলালার জন্য। এই রামমন্দিরের উদ্বোধনের দিন ঘটতে চলেছে আরও এক ঘটনা।
অযোধ্যার রামমন্দির যতদিন না পর্যন্ত তৈরি হচ্ছে, ততদিন কোনও কথা বলবেন না। মৌনব্রত পালন করবেন, এমনটাই পণ নিয়েছিলেন ঝাড়খণ্ডের সরস্বতী দেবী। সেই স্বপ্ন এখন পূরণের পথে। আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হবে রামমন্দিরের। আর সেদিনই নিজের মৌনব্রত ভেঙে ৩০ বছর পর কথা বলবেন ৮৫ বছরের ওই বৃদ্ধা।
জানা যায়, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা পড়ার সময় শেষবার কথা বলেছিলেন সরস্বতী দেবী। সেই সময় তিনি পণ করেছিলেন যে যতদিন না পর্যন্ত রামমন্দির উদ্বোধন হবে, ততদিন তিনি মুখ খুলবেন না। ওই বৃদ্ধার আত্মীয়রা এমনটাই জানিয়েছেন। গত সোমবার রাতেই ধানবাদের বাসিন্দা সরস্বতী দেবী অযোধ্যার রামমন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন।
বৃদ্ধার এক আত্মীয় জানান, “মহন্ত নিত্যগোপাল দাসের থেকে অনুপ্রেরণা পেয়ে উনি প্রায়ই অযোধ্যায় যেতেন। ৩০ বছর আগে জানিয়েছিলেন নিজের চোখে রামমন্দির দেখে তবেই মৌন ভাঙবেন। ২২ তারিখ তিনি মুখ খুলবেন”।
এই সরস্বতী দেবী অযোধ্যার মৌনী মাতা নামেই পরিচিত। এতদিন পর্যন্ত নিজের আত্মীয়দের সঙ্গে ‘সাইন ল্যাঙ্গুয়েজে’ কথা বলেছেন তিনি। খুব জটিল বা লম্বা কোনও বাক্য বোঝাতে লিখে বোঝাতেন তিনি। তবে জানা যায়, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রতিদিন ১ ঘণ্টা করে মুখ খুলতেন সরস্বতীদেবী। কিন্তু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ফের চুপ হয়ে যান তিনি। এবার দীর্ঘ ৩০ বছর পর ফের কথা বলবেন ‘মৌনী মাতা’।





