সবেমাত্র বিয়ে হয়েছে। এর মধ্যেই সংসারে ধরল ফাটল। জট পাকে হানিমুনকে কেন্দ্র করে। নতুন বউকে হানিমুনে গোয়া নিয়ে যাওয়ার নাম করে অয্যোধ্যা ও বারাণসীতে নিয়ে গেলেন স্বামী। তাতেই রেগে আগুন স্ত্রী। আদালতের দ্বারস্থ হয়ে স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করলেন তিনি।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। সূত্রের খবর, মাস পাঁচেক আগে বিয়ে হয়েছে ওই দম্পতির। বিয়ের পর স্ত্রী স্বামীর কাছে আবদার করেছিলেন যে তিনি গোয়ায় হানিমুনে যেতে চান। তাতে রাজিও হয়েছিলেন স্বামী। বেশ খুশি ছিলেন স্ত্রী। কিন্ত বাস্তবে প্রতিশ্রুতি রাখলেন না স্বামী।
স্ত্রীর অভিযোগ, গোয়ার বদলে তাঁকে উত্তরপ্রদেশের বারাণসী ও অয্যোধ্যায় নিয়ে যান তাঁর স্বামী। তাতে বেজায় রেগে যান স্ত্রী, তবে মুখ বুজে ভ্রমণ সারেন তিনি। এরপর হানিমুন থেকে ফিরেই পারিবারিক আদালতের দ্বারস্থ হলেনন ওই মহিলা। বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন তিনি।
কী জানিয়েছেন ওই তরুণী?
আদালতে তরুণী জানান, তিনি ও তাঁর স্বামী, দু’জনেই ভালো চাকরি করেন। মোটা টাকা বেতন তাদের। প্রথমে বিদেশে কোথাও হানিমুনে যেতে চেয়েছিলেন তরুণী। তবে তাঁর স্বামীর ইচ্ছা ছিল দক্ষিণ ভারতের কোথাও বা গোয়ায় হানিমুনে যাওয়ার। ফলে স্বামীর ইচ্ছা মেনে গোয়াতেই হানিমুনে যেতে রাজি হন তিনি।
কিন্তু স্বামী বিশ্বাসঘাতকতা করেছেন। গোয়ার বদলে তিনি টিকিট কাটেন অযোধ্যা ও বারণসীর। তরুণীর অভিযোগ, এই গন্তব্য পরিবর্তনের কারণ তাঁর শাশুড়ি মা। তিনি অয্যোধ্যায় যেতে চাওয়ার জন্যই গোটা পরিকল্পনা বাতিল করে দেন স্বামী। ফলে রামমন্দিরের উদ্বোধনের আগে অয্যোধ্যায় যান তারা। ওই তরুণী জানিয়েছেন, এমন স্বামীর সঙ্গে ঘর করতে চান না তিনি। তাই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন।





