টিকটক-এ ভিডিও কলে মহিলা! পিছনে উপস্থিত অশরীরী, চাঞ্চল্য

টিকটকে ভিডিও কলে ব্যস্ত এক মহিলার পিছন থেকে দেখা মিলল একটি ছায়ার। বলা ভালো এক রহস্যজনক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে লিভারপুল শহরের কাছাকাছি হেলউড শহরের এক মহিলার সঙ্গে।

নিজের বন্ধুর সঙ্গে কথা বলা কালীন জনপ্রিয় সোশ্যাল সাইট টিকটক ভিডিওয় আচমকাই দেখা গেল রহস্যজনক এক ব্যক্তিকে। যা থেকে ছড়িয়েছে চাঞ্চল্য।

ওই মহিলার নাম কেইলি করবি। বয়স তেত্রিশ বছর। ওই মহিলা, রাত্রে তাঁর দুই সন্তান ঘুমিয়ে পড়ার পর টিকটক-এ একটি ভিডিও বানিয়ে তাঁর এক বন্ধুর সঙ্গে শেয়ার করছিলেন। জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রদান করতেই ওই ভিডিও বানিয়েছিলেন বলে জানান মহিলা। ওই ভিডিও দেখে তাঁর বন্ধুই প্রথম ওই রহস্যজনক ব্যক্তির উপস্থিতি সম্পর্কে কেইলিকে জিজ্ঞাসা করেন৷ জবাবে কার্যত বাকরুদ্ধ হয়ে যান কেইলি। ভিডিও করার সময় তিনি কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি টের পাননি বলেই জানান।

কী জানিয়েছেন ওই ভয়ার্ত মহিলা? কেইলির বক্তব্য অনুযায়ী, রাতে তাঁর দুই সন্তান ঘুমিয়ে পড়ার পর, নিজের রান্নাঘরে ওই ভিডিও করছিলেন। তখন কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি তাঁর চোখে পড়েনি। কিন্তু নিজের বন্ধুর কথা শুনে ওই ভিডিও রেকর্ডিং পুনরায় দেখতে গিয়ে দেখেন, দরজার সামনে এক  রহস্যজনক ব্যক্তি দাঁড়িয়ে‌।

নিজে ও সেই সঙ্গে ছয় আর সাত বছর বয়সী দুই সন্তানের নিরাপত্তার কথা ভেবে নিজের বাবা, মা কে ডেকে পাঠান তিনি। তার বাবা-মা এই মুহূর্তে তাঁর সঙ্গেই থাকছেন। এরকম পরিস্থিতিতে মেয়ে ও তার দুই সন্তানকে ছেড়ে যেতে চাননি তাঁরা।

তবে গোটা ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছেন কেইলি। Mirror Now-এর স্থানীয় একটি শাখাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ভয় করছিল। আমার মনে হচ্ছিল, আমাকে কেউ দেখছে। আমি বিন্দুমাত্র নিশ্চিন্ত হতে পারছি না, ভয়াবহ লাগছে৷’ তবে ওই ব্যক্তি কে হতে পারে সে সম্পর্কে কোনও আলোকপাত কেইলি করতে পারেননি। তিনি বলেছেন, ভিডিও করার সময় তাঁর ঘুমন্ত দুই সন্তান ছাড়া, বাড়িতে অন্য কেউ ছিলেন না।

আরও অন্যান্য খবর