বাঙালিদের রসনা তৃপ্তির একটি উল্লেখযোগ্য খাবার মাছ। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মাছের কালিয়া, সরষে দিয়ে মাছের ঝাল তো সবাই খায়। এবার বানান ঐতিহ্যবাহী আচার মাছ রেসিপি। মা ঠাকুমাদের হাতের রান্না দিনের পর দিন হারিয়ে যেতে বসেছে। তাই সেই পুরনো দিনের মতো আজ বানিয়ে ফেলুন আচার মাছ। রইল সহজ রেসিপি।
উপকরণ
কাতলা মাছ ৪ পিস, গোটা ধনে ১ চামচ, কাঁচা লঙ্কা কুচি ১ চামচ, গোটা গোল মরিচ ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, শুকনো লঙ্কা ২ টি, কালো সর্ষে ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ৩ চা চামচ, গোটা মৌরী ১ চা চামচ, গোটা জিরে ১ চা চামচ, তেজপাতা ২ টি, পাঁচ ফোড়ন ১/২ চা চামচ, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, নুন স্বাদ অনুসারে, সর্ষের তেল।
রন্ধন প্রণালী
প্রথমে একটি মিক্সারে শুকনো লঙ্কা ২ টি, কালো সর্ষে ১ টেবিল চামচ, গোটা মৌরী ১ চা চামচ, গোটা ধনে ১ চামচ,গোটা জিরে ১ চা চামচ, গোটা ধনে ১ চামচ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ দিয়ে সাথে জল যোগ করে সম্পূর্ণ মিহিভাবে বেটে নিন।
এবার মাছের টুকরোগুলোতে নুন, হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে মাছগুলো ভেজে নিতে হবে। এবার কড়াইতে অবশিষ্ট তেলে দুটি তেজপাতা, পাঁচ ফোড়ন ১/২ চা চামচ দিয়ে সুগন্ধ বেরোলে আগে থেকে করে রাখা মিশ্রণটি
দিয়ে দিতে হবে। এরপর জল যোগ করে মাঝারি আঁচে মশলা কষিয়ে নিন।
এরপর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি যোগ করুন। ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলি দিয়ে দিন। কিছুক্ষণে মাছগুলি সাবধানে উল্টে দিন। এরপর প্রয়োজন অনুসারে জল দিয়ে অল্প নুন দিন। এরপর ঢাকা দিয়ে খানিকটা রান্না হতে দিন। ব্যাস তৈরি হয়ে গেল আচার মাছ। গরম ভাতের সাথে পরিবেশন করুন হারিয়ে যাওয়া মা ঠাকুমাদের হাতের এই রেসিপি। ভিন্ন স্বাদের এই মাছের রেসিপি পাতে পড়লে বাহবা পাবেন তা বলাই বাহুল্য।





