‘মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে, ওঁর হাতে বিশ্বকাপ তুলে দিতে অনেক কারচুপি করা হয়েছে’, বিস্ফোরক ফন গাল

কাতারের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের মুখোমুখি হয়। এই ম্যাচটি ২০২২-এর বিশ্বকাপ ফুটবলের সবথেকে বিতর্কিত ম্যাচ। একটা ম্যাচে দুই দল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড পায়, এমনকি নেদারল্যান্ডসের কপালে একটি লাল কার্ডও জোটে। তবে শেষ পর্যন্ত ম্যাচে জিত হয় নীল-সাদা দলেরই।

বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার বেশ কিছুমাস পর এবার এক বিস্ফোরক মন্তব্য করলেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল। তাঁর দাবী, ফুটবলের সবথেকে গুরুত্বপূর্ণ পুরস্কার পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করা হয়েছিল আর্জেন্টিনাকে।

কী বলেন ফন গাল?

ফন গালের কথায়, “আমি সত্যিই এ নিয়ে অনেককিছু বলতে চাই না। যখন দেখবেন কীভাবে আর্জেন্টিনা গোল পায় এবং আমরা কীভাবে গোল পেয়েছিলাম, তখন উপলব্ধি করতে পারবেন। আর্জেন্টিনার কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল এবং শাস্তি পায়নি। আমি মনে করি এটি একটি পূর্বপরিকল্পিত খেলা ছিল”।

ফন গালের অভিযোগ এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “আমি একটা কথাই বলতে চাই। যদি প্রশ্ন করা হয় যে মেসিকে কী বিশ্ব চ্যাম্পিয়ন বানানো হয়েছে? তাহলে আমি বলব, হ্যাঁ আমি সেটাই মনে করি”।

নেদারল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার ওই কোয়ার্টার ফাইনালের ম্যাচে মেসি গোল জড়িয়েছিলেন জালে। জয়ের পথেই ছিল আর্জেন্টিনা। কিন্তু মাঝে বাঁধ সাধে, নেদারল্যান্ডসের বদলি ওউট ওয়েঘর্স্ট। জোড়া গোল দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।

ম্যাচে আসে টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত ম্যাচ গিয়ে শেষ হয় ২-২ ব্যবধানে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তা পেরিয়ে ম্যাচ গিয়ে দাঁড়ায় ট্রাই বেকারে। তবে ট্রাই বেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচ ঘরে তুলে নেয় আর্জেন্টাইনরাই। আর ফাইনালেও শেষ হাসি হাসে মেসির টিম। কিন্তু এবার মেসির সেই জয় নিয়েই উঠল প্রশ্ন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles