সকলকে অবাক করে দিয়ে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের শুভদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপরই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত শট, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে সেই ছয়ের ভিডিওতে। ধোনির অবসর নেওয়ার ঘোষণার পর আবেগি তাঁর ভক্তরা। তবে ধোনির কৃতিত্বের প্রতি স্থায়ী উত্সর্গের জন্য একাধিক পরিকল্পনা রয়েছে। যার মধ্যে অন্যতম ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে আসনে তাঁর সেই বিখ্যাত ছয় অবতরণ করেছিল সেই আসন চিহ্নিত করার প্রস্তাব করা দেওয়া হয়েছে।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্ক নায়েক সোমবার এই প্রস্তাব নিয়ে এমসিএকে একটি চিঠি লিখেছিলেন। তাতে বলা হয়েছে, “ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অপরিসীম অবদানের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন হিসাবে এমসিএ তার নামে স্থায়ীভাবে আসনটি চিহ্নিত করতে পারে যেখানে তার বিখ্যাত বিশ্বকাপজয়ী ছয় এসে পড়েছিল।” মঙ্গলবার এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সম্ভবত নায়েকের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
এর আগে ১৯৯৩ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের একটি আসন হলুদ রঙ করা হয়েছিল, নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ভিক্টোরিয়ার হয়ে সাইমন ও’ডোনেলের ১২২ মিটার ছয়ের স্মরণে। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড ক্রিকেট সিদ্ধান্ত নিয়েছিল যে একটি আসন চিহ্নিত করা থাকবে প্রাক্তন অলরাউন্ডার গ্র্যান্ড এলিয়টকে সম্মান জানাতে। ইলিয়ট দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের বলে একটি ছক্কা মারেন যার ফলে ২০১৫ সালে বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথমবার ফাইনালে যায়। তবে এটিই প্রথমবার যেখানে কোনও স্টেডিয়ামের নির্দিষ্ট আসনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে কোনও ভারতীয় খেলোয়াড়ের নামকরণ করা হবে বলে।





