গাব্বার মাঠে টিম ইন্ডিয়া যেভাবে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তা দেখে উচ্ছ্বসিত। ৩২ বছরে এই প্রথমবার গাব্বায় অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ হেরেছে। ক্রিকেট বিশ্বের সমস্ত তারকারা টিম ইন্ডিয়ার প্রশংসা করছে, বাদ যাননি পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড়রাও। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম, শোয়েব আখতার এবং শাহিদ আফ্রিদি টিম ইন্ডিয়ার ব্যাপক প্রশংসা করেছেন।
শেষ দশ ওভারে ঋষভ পন্থ আক্রমণাত্মক ব্যাটিং করে অসি বোলারদের ব্যাকফুটে ফেলে দেয়। ১৩৮ বলে ৮৯ রান করে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন পন্থ। ওপেনার শুভমন গিল ৯১ রান করেন। চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল। সেই সঙ্গে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন বিরাট কোহলিও। নেতৃত্ব দিচ্ছিলেন অজিঙ্ক রাহানে। দলের বোলিং একেবারেই অনভিজ্ঞ। এই দলকেও হারাতে না পারা অস্ট্রেলিয়া দলের পক্ষে নিঃসন্দেহে লজ্জাজনক। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার নিজের টুইটারে লিখেছেন, “৩৬ অল আউট হয়ে একই সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে জেতা। দারুণ।”
https://twitter.com/shoaib100mph/status/1351473483662970880?s=20
শাহিদ আফ্রিদি টুইটারে লিখেছেন, “অসাধারণ পারফর্মেন্স ভারতের তরফ থেকে। এত চোট ও ব্যর্থতা থাকা সত্ত্বেও ভারত একটি দুর্দান্ত সিরিজ জিতে নিয়েছে। ভারতীয় দলকে শুভেচ্ছা জানাই, এই সিরিজ অনেক দিন মনে থাকবে।”
https://twitter.com/SAfridiOfficial/status/1351589976077701121?s=20
পেসার ওয়াসিম আক্রম লিখেছেন, “অসাধারণ একটি টেস্ট এবং সিরিজের স্বাক্ষী থাকলাম আমরা। অস্ট্রেলিয়ার মাটিতে এরকম সাহসী এবং শক্তিশালী এশীয় দল এর আগে দেখিনি। কোনও ক্ষমতাই নেই এদের আটকানোর, মূল খেলোয়াড়রা চোটে আক্রান্ত হওয়া সত্ত্বেও অসাধারণ একটি কামব্যাক, যেখানে ৩৬ রান অল আউট হয়ে গিয়েছিল তারা। এটি সত্যিই অনুপ্রেরণামূলক।”
https://twitter.com/wasimakramlive/status/1351559221490417671






